ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বড় দলগুলো তার দিকে হাত বাড়িয়েছে, তাতে কি! রিয়াল মাদ্রিদ ছাড়তে রাজি নন বলে সাফ জানিয়ে দিয়েছেন করিম বেনজেমা। একই সঙ্গে ধন্যবাদও জানিয়েছেন আগ্রহী দলগুলোকে ।
নতুন মৌসুম শুরু হতে আর খুব বেশি দেরি নেই। ইউরোপের বিখ্যাত দলগুলো তাই মাঠে নেমেছে ভালো খেলোয়াড়দের দলে ভেড়াতে। যাদের 'ফমর্' আছে, কিন্তু বর্তমান দলে সুখে নেই, তাদের প্রতি বেশি ঝুঁকে থাকে দলগুলো।
এত তারকা খেলোয়াড় দলে, তারপরও নিজের জাত তিনি ঠিকই চিনিয়েছেন রিয়াল মাদ্রিদকে। ২০১০-১১ মৌসুমের প্রথমদিকের কয়েকটি খেলায় মাঠে নামাননি কোচ হোসে মরিনহো। অবশেষে একসময় বদলি হিসেবে নামাতে শুরু করেন। বিপক্ষ দলের রক্ষণভাগে ত্রাসের সৃষ্টি করলেন বেনজেমা মাঠে নেমেই। কখনো আক্রমণভাগের মধ্যমণি হিসেবে, কখনো বা রোনালদোকে বিশ্রাম দিয়ে বেনজেমাকে গোল বানানোর কারিগর বানিয়েছেন কোচ।
রিয়ালের হয়ে মৌসুমে খেলেন ৪৮ ম্যাচ। ২৬ গোল করেন নিজে। আর গোলের জন্য বল বানিয়ে দেন ৯ বার। বেশির ভাগ খেলায় বদলি হয়ে নামার কারণে কোচের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছেন বেনজেমা, এমন কথাও হাওয়ায় ভাসছিল। যেসব বড় দলগুলো তার দিকে হাত বাড়িয়েছে, তার মধ্যে আর্সেনাল একটি। দুইয়ে-দুইয়ে চার মিলিয়ে বেনজেমার রিয়াল অধ্যায়ের ইতি টেনেছিলেন অনেকেই।
তবে ২৩ বছরের বেনজেমার কন্ঠে অন্য সুর। ডেইলি মিররকে তিনি বলেন, অন্য দলগুলো হাত বাড়ানোয় তিনি সম্মানিত বোধ করছেন।
তিনি বলেন, "বড় দলগুলোর কোচরা আমাকে দলে নিতে আগ্রহী বলে আমি সম্মানিত বোধ করছি। এর ফলে প্রমাণ হলো, ফুটবলার হিসেবে আমি উন্নতি করছি।"
তবে রিয়ালের মতো খ্যাতনামা দল ছাড়তে রাজি নন বেনজেমা। কোচের সঙ্গে এ ব্যাপারে তিনি বিস্তারিত আলাপও করেছেন।
"মরিনহোর সঙ্গে আলাপ করেছি। আসন্ন গ্রীষ্মে আমাকে বিক্রি করবেন না বলে আমার মধ্যে বিশ্বাস জন্মেছে," বলেন তিনি।
নিজের সামর্থ্যরে পুরোটা তুলে ধরার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেছেন বেনজেমা, "আমার যোগ্যতার পুরোটা কোচের সামনে তুলে ধরবো। আসন্ন মৌসুমে ফুটবল অনুরাগীদের দেখাতে চাই বেনজেমা কি পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬৫০ ঘ.
bdnews24