২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিড জিয়ার চুক্তি সম্পন্ন হয়নি

ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, অ্যাটলেটিকো মাদ্রিদের তরুন গোলরক্ষক ডেভিড ডে জিয়ার সঙ্গে তাদের চুক্তি এখনো সম্পন্ন হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 10:59 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, অ্যাটলেটিকো মাদ্রিদের তরুন গোলরক্ষক ডেভিড ডে জিয়ার সঙ্গে তাদের চুক্তি এখনো সম্পন্ন হয়নি। দীর্ঘদিনের গোল স্তম্ভ এডউইন ফন-ডার-সার ২৮ মে ওয়েম্বলির চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের খেলে বিদায় জানাবেন ফুটবলকে। তার জায়গায় কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের মনে ধরেছে ২০ বছরের টগবগে তরুন ডেভিড জিয়াকে। তাকে দলে কেন নিতে চান গত সপ্তাহে সে ব্যাখ্যাও দিয়েছিলেন স্কাই স্পোর্টসকে। "সে (ডেভিড জিয়া) তরুন গোলরক্ষক, খুবই দ্রুত গতি সম্পন্ন এবং ঠান্ডা মাথার খেলোয়াড়। ফন-ডার-সারের জায়গায় তাকেই যোগ্য মনে করছি।" ফার্গুসনের এমন কথায় সংবাদ মাধ্যমে চাউর হয়, ডেভিড জিয়ার ম্যান ইউয়ে যোগদান শুধু সময়ের ব্যাপার। কিন্তু এমন গুঞ্জনে পানি ঢেলে দিলেন ম্যান ইউ খেলোয়াড়দের আইনজীবি হোসে বাউজাস অ্যারাগন। স্পেনের সংবাদ সংস্থা ইএফই কে অ্যারাগন বলেন, "আজ (বুধবার) বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ডেভিড ডি জিয়া কুইনটানা, অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবল খেলোয়াড়, ম্যান ইউয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন; যা একেবারে ভিত্তিহীন।" তার মানে এই নয় যে জিয়ার ওপর থেকে ম্যান ইউয়ের মন উঠে গেছে। কেন এখনও ম্যান ইউয়ের লাল জার্সি জিয়ার গায়ে ওঠেনি, তার পেছনে কারণ ও তুলে ধরেন তিনি। "জুনের ৩০ তারিখ পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদ ও অন্য কোনো দল তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে বা তাকে চুক্তির আওতায় আনতে পারবে না। কারণ স্পেনের অনূর্ধ্ব ২১ দলের সঙ্গে ঐ তারিখে তার চুক্তির মেয়াদ শেষ হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৬৫১ ঘ.