২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর রেকর্ড, উড়ে গেছে আলমেরিয়া

স্পেনের লা লিগায় শনিবার রিয়াল মাদ্রিদ ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে আলমেরিয়াকে। এর মধ্যে দুই গোল করে লা লিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি গোল দেয়ার রেকর্ড করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় শনিবার রিয়াল মাদ্রিদ ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে আলমেরিয়াকে। এর মধ্যে দুই গোল করে লা লিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি গোল দেয়ার রেকর্ড করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে মালাগাকে। এরই মধ্যে এ মৌসুমে শিরোপা জিতে নিয়েছে বার্সা। এবার নিয়ে পরপর তিনবার শিরোপা জিতলো দলটি। এই দুই গোল নিয়ে গোল দেয়ার কাড়িগর হিসেবে পরিচিত রোনালদোর গোল সংখ্যা দাঁড়ালো ৪০-এ। এর আগে লা লিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি ৩৮টি করে গোল দেন অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক খেলোয়াড় টেলমো জারা ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার হুগো সানচেজ। ভিয়ারিয়ালের বিপক্ষে গত সপ্তাহে সেই রেকর্ড স্পর্ষ করেন রোনালদো। রোনালদোর দুই গোল ছাড়াও ইমানুয়েল আদেবায়ো তিনটি, করিম বেনজেমা দু'টি ও বদলি খেলোয়াড় হোসেলু একটি গোল দেন। আলমেরিয়ার পক্ষে একমাত্র গোলটি দেন কালু উচে। লিগে নিজেদের শেষ খেলা যে এমন দুঃস্বপ্ন হয়ে উঠবে তা হয়তো কল্পনাও করতে পারেননি আলমেরিয়ার খেলোয়াড় ও সমর্থকরা। শনিবার তাদের জালে রীতিমত গোল উৎসব করেছে হোসে মরিনহোর খেলোয়াড়রা। শুরুটা করেন রোনালদো। খেলার চার মিনিটে জাভি আলোনসোর হাওয়ায় ভাসানো ফ্রি-কিক মাথা দিয়ে আলমেরিয়ার জালে জড়িয়ে জারা ও সানচেজকে পেছনে ফেলে এগিয়ে যান তিনি। লিগে এটি ছিল রোনালদোর ৩৯তম গোল। কিছুক্ষণ পর ব্যবধান বাড়ানোর একটা সুযোগ পায় রিয়াল। কিন্তু ২৫ গজ দূর থেকে বেনজেমার তীব্র শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। খেলার ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আদেবায়ো। মেজুত ওজিলের কাছ বল পেয়ে সেটিকে কাক্সিক্ষত ঠিকানায় পাঠিয়ে দেন তিনি। দুই মিনিট পর আলমেরিয়ার কালু উচে ব্যবধান কমিয়ে আনেন। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে তারা। একের পর এক আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়ে আলমেরিয়ার রক্ষণভাগ। এই অর্ধে প্রথমেই গোল করেন বেনজেমা। এরপর রোনালদো বল নিয়ে আলমেরিয়ার গোলপোস্টের দিকে এগোতে থাকলে তাকে বাধা দেয়ার জন্য এগিয়ে আসেন গোলরক্ষক এস্তেবান। তার পাশ দিয়ে জালের দিকে বল ঠেলে দেন রোনালদো। কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় কার্লোস গার্সিয়া গোল-লাইন থেকে বল ফিরিয়ে দেন। তারপরও শেষ রক্ষা হয়নি। বল চলে যায় ৬ গজ দূরে দাঁড়ানো আদেবায়োর পায়ে। খেলায় নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৬৪ মিনিটে বেনজেমা তার দ্বিতীয় গোল করেন। আর ৭৩ মিনিটে গোল করে আদেবায়ো তার হ্যাট্রিক আদায় করে নেন। ৭৭ মিনিটে নিজের ৪০তম গোলের দেখা পান রোনালদো। বক্সের সামান্য বাইরে আলমেরিয়ার রক্ষণভাগের খেলোয়াড়দের কাছ থেকে বল কেড়ে নিয়ে তা জড়িয়ে দেন জালে। আলমেরিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন হুসেলু। সেই সঙ্গে ১০২টি গোল করে মৌসুম শেষ করে মরিনহোর খেলোয়াড়রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১২৪০ ঘ.