ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটির অধিনায়ক কালোর্স তেভেজ এবার মুখ খুললেন। দল ছাড়ার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি, এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনার এক রেডিও স্টেশনকে।
তেভেজের ম্যান সিটি পর্বের সমাপ্তি ঘটতে পারতো গত জানুয়ারিতেই। সংবাদ মাধ্যমগুলোর ধারণা ছিল, কোচ রবার্ত মানচিনির সঙ্গে শীতল সম্পর্কই এর পেছনে মূল কারণ। অবশ্য তেভেজ তা স্বীকার করেননি। বারবারই বলেছেন, পরিবারকে দেখার তীব্র আগ্রহের কারণে ইংল্যান্ড ছাড়তে উদগ্রীব তিনি।
তবে অধিনায়ক আর কোচের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল তা প্রকাশ হলো গত মঙ্গলবার। ১৭ মে ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির বিপক্ষে জোড়া গোল করা তেভেজের উচ্ছসিত প্রশংসা করার পাশাপাশি কোচ মানচিনি বলেন, মৌসুমের শুরুতে তেভেজ একটু ভাব নিয়েই চলাফেরা করতেন।
তবে ১৪ মে স্টোক সিটির বিপক্ষেই এফএ কাপের ফাইনালে মাঠে নামার আগে চূড়ান্ত কথা হয়ে যায় দুজনের মাঝে। কোচের উত্তরে তেভেজ সেদিন জানান, আকাশী নীলদের ছাড়বেন না তিনি।
কোচের এমন কথার দুদিন পরেই বৃহস্পতিবার উল্টোসুর বাজলো তেভেজের মুখে। আর্জেন্টিনার রেডিও স্টেশন রেডিও ডেল প্লাটাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি ম্যান সিটি ছাড়তে চাই। ফুটবল আমার মধ্যে অনেক পরিবর্তন এনেছে। আমি এখনো জানি না সামনের বিশ্বকাপে আমার খেলা হবে কি না।"
তেভেজ কোথায় যাবেন, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তিনি নিজেও কিছু বলছেন না। তবে বাতাসে যে গুঞ্জন, তাতে ইতালি (সেরি আ) হতে পারে তার নতুন ঠিকানা।
সিটিতে কাটানো দু'বছরের স্মৃতি স্মরণ করে তেভেজ বলেন, "আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করা হয়েছে। আমি সত্যিই কৃতজ্ঞ। নিজেকে উজার করে দিয়েছিলাম দলের জন্য যাতে ভালো ফল আসে। হয়েছেও তাই। কিন্তু, এখন মনে হচ্ছে পরিবেশ বদলের সময় চলে এসেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৬৩০ ঘ.
bdnews24