২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগের বিপক্ষে শেখ জামালের জয়

বাংলাদেশ লিগে জয়ের ধারা ধরে রেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ইমানুয়েল আইয়ুখের জোড়া গোলের সুবাদে রোববার তারা ২-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে জয়ের ধারা ধরে রেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ইমানুয়েল আইয়ুখের জোড়া গোলের সুবাদে রোববার তারা ২-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল খুব একটা আক্রমণাত্মক ফুটবল খেলেনি। ৪১ মিনিটে বাঁ প্রান্ত থেকে ওয়ালি ফয়সাল হাওয়ায় ভাসিয়ে বল ফেলেন আরামবাগের বক্সে। শেখ জামালের আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় ইমানুয়েল নিয়ন্ত্রণে নিয়ে বল পাঠিয়ে দেন জালে। ঠিক ৭ মিনিট পর ব্যবধান বাড়ায় শেখ জামাল। দলের রক্ষণভাগের খেলোয়াড় নাসিরুল ইসলাম 'ব্যাক-পাস' দেন ইমানুয়েলের কাছে। বক্সের সামনে থেকে তীব্র শট নেন তিনি। রক্ষণভাগের ভুলের কারণে বল নিয়ে আরামবাগের সীমনায় ঢুকে পড়ার সুযোগ পান নাসির। খেলার ৭০ মিনিটে ব্যবধান আবারো বাড়িয়েই ফেলেছিল শেখ জামাল। দলের মাঝমাঠের নাইজেরিয়ার খেলোয়াড় ফেমি অরুনামির কর্নার মাথা দিয়ে জালে পাঠানোর চেষ্টা করেন রক্ষণভাগের ক্যামেরুনের খেলোয়াড় টমাস ইউকো। কিন্তু বল ক্রসবারে লেগে ফিরে আসে। শেখ জামাল ১৫ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়ে গেছে। সমান খেলায় ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে আরামবাগ। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১৫ খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ঢাকা আবাহনী আছে দ্বিতীয় স্থানে। সমান খেলায় দলটির পয়েন্ট ৩৫। ফরাশগঞ্জের জয় কক্সবাজার স্টেডিয়ামে দিনের অপর খেলায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। খেলার ৫৫ মিনিটে ফরাশগঞ্জের আক্রমণভাগের কঙ্গোর খেলোয়াড় সিও জুনাপিও একমাত্র গোলটি করেন। এ জয়ের ফলে ফরাশগঞ্জ উঠে এলো নবম স্থানে। ১৫ খেলায় পুরনো ঢাকার দলটির পয়েন্ট ১৩। সমান খেলায় মাত্র ৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী রয়েছে সব দলের নিচে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৫১ ঘ.