ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ওয়ারী ও বাংলাদেশ সেনা বাহিনী।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার প্রথম সেমি-ফাইনালে ওয়ারী ৬-১ গোলে হারায় বাংলাদেশ নৌ বাহিনীকে।
ওয়ারীর পক্ষে রিপন ও পুস্কর খীসা মিমো দু'টো করে গোল করেন। এছাড়া একটা করে গোল দেন অজিত কুমার ঘোষ ও গোলাম মোস্তফা মানিক।
নৌ বাহিনীর পক্ষে একটা গোল শোধ করেন সিহাব।
একই মাঠে দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলাদেশ সেনা বাহিনীও ৬-১ গোলে জেতে সাধারণ বীমার বিপক্ষে।
বিজয়ী দলের পক্ষে মিলন হোসেন তিনটা, আব্দুল মালিক দু'টো ও সানোয়ার হোসেন একটা গোল করেন। সাধারণ বীমার পক্ষে একটা গোল শোধ করেন রাজন।
চূড়ান্ত খেলা হবে রোববার। শুরু হবে বিকেল ৪ টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২১১ ঘ.
bdnews24