ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সানডে সিজবার হ্যাট্রিকের সুবাদে ঢাকা মোহামেডান ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই রহমতগঞ্জকে চেপে ধরে ঢাকা মোহামেডান। বেশিরভাগ সময় বল ছিল দলটির খেলোয়াড়দের পায়ে।
এ জয়ের ফলে ১৫ খেলায় ২১ পয়েন্ট নিয়ে ঢাকা মোহামেডান উঠে এলো তালিকার পঞ্চম স্থানে। সমান খেলায় রহমতগঞ্জের পয়েন্ট ১৭। দলটি আছে তালিকার সপ্তম স্থানে।
নিজেদর আগের খেলায় ঢাকা মোহামেডান ১-১ গোলে ড্র করে ফরাশগঞ্জের সঙ্গে। তাই রহমতগঞ্জের বিপক্ষে জেতার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে তারা।
খেলার ১০ মিনিটে মাঝমাঠ থেকে মোহামেডানের এনামুল হক শরীফ লম্বা করে বল ফেলেন প্রতিপক্ষের বক্সে। আমিনু বল থামিয়েই ঠেলে দেন সামনে। আলতো শটে গোল করে দলকে এগিয়ে নেন সানডে।
৩১ মিনিটে খেলায় সমতা ফেরায় রহমতগঞ্জ। পুরনো ঢাকার দলটির পক্ষে গোল করেন আক্রমণভাগের উগান্ডার খেলোয়াড় ইদ্রিস কাসিরি। মাঝমাঠে বল ধরে মোহামেডানের রক্ষণভাগের তিন খেলোয়াড় ও গোলরক্ষককে কাটিয়ে গোল দেন তিনি।
পাঁচ মিনিট পর আবারো এগিয়ে যায় মোহামেডান। পেনাল্টি থেকে গোল করেন সানডে। মোহামেডানের আক্রমণভাগের খেলোয়াড় আনোয়ার হোসেনকে রহমতগঞ্জের রক্ষণভাগের এক খেলোয়াড় অবৈধভাবে মাটিতে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।
রহমগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সানডে। গোলটি করেন তিনি ৬৪ মিনিটে।
লিগের প্রথম পর্বে মোহামেডান ২-০ গোলে হার মানে রহমতগঞ্জের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০০১ ঘ.
bdnews24