২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদ ওপেনের শিরোপা জকোভিচের

মাদ্রিদ ওপেনে ছেলেদের এককে শিরোপা জিতেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কভিতোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 05:53 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদ্রিদ ওপেনে ছেলেদের এককে শিরোপা জিতেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কভিতোভা। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় স্পেনের রাফায়েল নাদালকে ৭-৫ ও ৬-৪ গেমে হারিয়ে এই মৌসুমে নিজের জয়ের ধারা ধরে রাখলেন র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় জকোভিচ। ২০১১ সালে এটা জকোভিচের ষষ্ঠ শিরোপা। আর এবার নিয়ে টানা ৩২ খেলায় অপরাজিত থাকলেন জকোভিচ। সেই সঙ্গে বিখ্যাত টেনিস খেলোয়াড় বিয়ন বোর্গকে ছাড়িয়ে গেলেন তিনি। বোর্গ ১৯৮০ সালে টানা ৩১ খেলায় জিতেছিলেন। জকোভিচের সামনে এখন রয়েছেন শুধু জন ম্যাকেনরো। ১৯৮৪ সালে টানা ৪২ খেলায় অপরাজিত ছিলেন তিনি। এদিকে 'ক্লে কোর্টে' দশবার খেলে এই প্রথম 'ক্লে কোর্ট'র রাজা হিসেবে পরিচিত নাদালকে হারালেন জকোভিচ। স্পেনের মাটিতে নাদালকে হারানোর পর উচ্ছ্বসিত জকোভিচ বলেন, "জেতার আত্মবিশ্বাস নিয়েই কোর্টে নেমেছিলাম। আর আক্রমণাত্মক টেনিস খেলেই ম্যাচ জিতেছি।" নিজের খেলা সম্পর্কে তিনি বলেন, "আমি সত্যিই অবিশ্বাস্য একটা ম্যাচ খেলেছি।" এদিকে নাদালও প্রশংসা করেন জকোভিচের। বলেন, "আমি একজন চমৎকার খেলোয়াড়ের বিপক্ষে কোর্টে নেমেছিলাম। এই বছর তিনি আসলেই ভালো খেলছেন। জকোভিচ যে ভালো খেলেই ম্যাচ জিতেছেন তা মেনে নিতেই হবে।" এর আগে মেয়েদের এককে চেক প্রজাতন্ত্রের কভিতোভা ৭-৬(৩) ও ৬-৪ গেমে ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কাকে হারিয়ে শিরোপা জেতেন। এটি এই মৌসুমে তার তৃতীয় শিরোপা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৫৭ ঘ.