২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা লড়াই জমিয়ে দিলো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে আর্সেনাল। রোববার তারা শীর্ষ দল ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় ১-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে আর্সেনাল। রোববার তারা শীর্ষ দল ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় ১-০ গোলে। দিনের অন্য খেলায় লিভারপুল ৩-০ গোলে নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়ে উঠে এসেছে তালিকার পাঁচে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ৩৫ খেলা শেষে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ৭০ পয়েন্ট নিয়ে আছে তালিকার দুই নম্বরে। ৩৪ খেলায় ৭৩ পয়েন্ট নিয়ে আর্সেনালের বিপক্ষে খেলতে নামা ম্যান ইউ'র সামনে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ ছিলো। কিন্তু শেষ পর্যন্ত অ্যারন রামেসির গোলে স্বপ্ন ভঙ্গ হয় তাদের। জানুয়ারি ২০১০ এর পর এই প্রথম গোল পেলেন রামেসি। এমিরেটস স্টেডিয়ামে তার দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের গোলে আর্সেনালের চেয়ে নিশ্চয়ই কম খুশি হয়নি চেলসি। পুরো খেলায় খুব কম সময়ের জন্যই ম্যান ইউ ঝলক দেখা গেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খেলার লাগাম আর্সেনালের হাতেই ছিল। লিগ শিরোপা ছুটেছে এটাই জেনেই আর্সেনাল মাঠে নেমেছিল । আর জিততেই হবে, এই মনোভাবটাই হয়তো স্বাভাবিক খেলা খেলতে দেয়নি ম্যান ইউকে। নিজেদের দখলে বল রেখে প্রথমার্ধের বেশিরভাগ সময় কাটিয়ে দেয় আর্সেন ওয়েঙ্গারের দল। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে জয়সূচক গোলটি করেন রামেসি। রবির ফন পার্সি বল নিয়ে ম্যান ইউ বক্সে ঢুকে পড়ে খেঁই হারিয়ে ফেলেন। কাকে বল দেবেন এটাই যখন ভাবছেন পার্সি, তখনই রামেসির আগমন। বলটা কেড়ে নিয়ে বাঁকানো শটে দূরের পোস্টে জড়িয়ে উল্লাসে ফেটে পড়েন তিনি। 'গোল পাওয়া গেছে, এবার রক্ষণ সামলাও' এই নীতিতে চলা আর্সেনালকে বাকী সময় আর গোল ফেরত দিতে পারেনি ম্যান ইউ। শেষ পর্যন্ত ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। আসছে সপ্তাহে ওল্ড ট্র্যাফোডে মুখোমুখি হচ্ছে ম্যান ইউ ও চেলসি। শিরোপা নির্ধারণে সেই ম্যাচটি সবচেয়ে গুরুত্ব বহন করবে। গত রবিবার বোল্টনের কাছে হেরে শিরোপা দৌঁড় থেকে ছিটকে পড়া আর্সেনাল এ খেলা থেকে খুঁজে নিচ্ছে পরের মৌসুমের পাথেয়। হতাশ সমর্থকদের শুনিয়েছেন আগামী মৌসুমে কিছু একটা করে দেখানোর আশার গান। বাজে ভাবে মৌসুম শুরু করলেও শেষের দিকে নিজেদের অনেকটাই খুঁজে পেয়েছে লিভারপুল। জয়ের ধারা ধরে রেখে রোববার নিউক্যাসেলকে বেশ সহজেই হারিয়েছে তারা। খেলার ৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ম্যাক্সি রড্রিগেজ। দ্বিতীয়ার্ধে দলের পক্ষে ডার্ক কুইট ও লুই সুয়ারেজ একটি গোল করেন। ৫৮ মিনিটে করা কুইটের গোলটি আসে পেনাল্টি থেকে। দিনের অন্য খেলায় ওয়েস্ট হামকে হারিয়ে চতুর্থ স্থানে নিজেদের অবস্থান আরো পাকা করেছে ম্যান সিটি। ৩৩ খেলা শেষে দলটির পয়েন্ট ৫৯। সামনের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন এখন তারা দেখতেই পারে। সিটি ও ওয়েস্ট হ্যামের খেলার প্রথম ৩২ মিনিটের মধ্যে হয়ে যায় গোল ৩টি। প্রথমার্ধের ৯ মিনিটে নাইজেল ডি জংয়ের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। ৫ মিনিট পর লার্স জ্যাকবসনের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৩২ মিনিটেরা মাথায় গোল করে ব্যবধান কমান ডেমবা। এরপর দুু'দলের সামনে গোল করার আরো সুযোগ এলেও সেগুলো কাজে লাগাতে পারেনি কোনো দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১২২২ ঘ.