ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সলেমন কালুর শেষ মুহূর্তের গোলে শনিবার টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখলো চেলসি।
৩৫ খেলায় ৭০ পয়েন্ট নিয়ে ইপিএলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে চেলসি। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ৭৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
দিনের অন্যান্য খেলায় ওয়েস্ট ব্রমউইচ ২-১ গোলে অ্যাস্টন ভিলাকে, ফুলহ্যাম ৩-১ গোলে সান্ডারল্যান্ডকে আর ব্ল্যাকবার্ন রোভার্স ১-০ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে হারিয়েছে।
লন্ডনে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ ছিল পয়েন্ট টেবিলের পঞ্চম দল টটেনহ্যাম। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চেলসির বিপক্ষে জয়ের বড্ড প্রয়োজন ছিল টটেনহ্যামের।
টটেনহ্যামের শুরুটাও ছিল দারুণ। ২০ মিনিট যেতে না যেতেই ৩০ গজ দূর থেকে নেয়া সান্দ্রোর তীব্র শট চেলসি গোলরক্ষক পিতার চেককে ফাঁকি দিয়ে আশ্রয় নেয় জালে।
গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে চেলসি। মাইকেল এসিয়ান, ফার্নান্দো তোরেস ও দিদিয়ের দ্রগবা একের পর পর এক আক্রমণ চালাতে থাকেন।
তবে সমতা সূচক গোলটি আসে অভিজ্ঞ খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পা থেকে। যদিও গোলটি নিয়ে কিছুটা বিতর্ক ছিলো। ২৫ গজ দূর থেকে নেয়া ল্যাম্পার্ডের কিক গোলরক্ষক গোমেজের পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। রেফারি গোলের বাঁশি বাজালেও টিভি রিপ্লে বলছে টটেনহ্যামের গোলসীমানা পার হওয়ার আগেই গোমেজ বল হাতে নিয়ে নিয়েছিলেন।
দ্বিতীয়ার্ধে গোলের তাড়নায় চেলসির ছন্দ নষ্ট হয়ে যায়। পরিকল্পিত আক্রমণ থেকে গোল করার চেয়ে দূূর থেকে শট নেয়ার প্রবণতা বেশি দেখা যায় কার্লো আনচেলত্তির দলের মধ্যে।
৬০ মিনিটে তোরেসের জায়গায় মাঠে নামেন সলেমন কালু।
টটেনহ্যামের জারমেইন ডিফো মাঝে মাঝেই চেলসির রক্ষণে ভীতি ছড়াচ্ছিলেন।
খেলার ৮৪ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন চেলসি অধিনায়ক জন চেরি। দ্রগবার নিচু ফ্রি-কিক টটেনহ্যামের জালে প্রবেশ করাতে ব্যর্থ হন তিনি।
তবে ৮৯ মিনিটে দ্রগবার শট গোমেজ ফিরিয়ে দিলে বল গিয়ে পড়ে কালুর পায়ে। আলতো শটে বল জালে জড়িয়ে চেলসির জয় নিশ্চিত করেন কালু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৪০৪ ঘ.
bdnews24