২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের ঢাকায় আনতে শিগগির চুক্তি

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ আয়োজনে দু-এক দিনের মধ্যে চুক্তি করবে বলে বুধবার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় আনতে দু-এক দিনের মধ্যে এজেন্টের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একইসঙ্গে ঢাকা আসবে নাইজেরিয়া ফুটবল দলও। সব কিছু ঠিক থাকলে ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ দুটি দলের একটি প্রীতি ম্যাচ উপভোগ করতে পারবে বাংলাদেশ। বুধবার বিকেলে বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভায় এ বিষয়গুলো চূড়ান্ত করা হয়। সভা শেষে সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, "দু-এক দিনের মধ্যে এজেন্টের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি আমরা। আশা করছি, সব কিছু ভালোভাবেই হবে।" আগামী ২ সেপ্টেম্বর কলকাতায় আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দল একটি প্রদর্শনী ম্যাচ খেলবে। তারই সূত্র ধরে বাফুফে এ দুটি দলকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়। কাজী সালাউদ্দিন বলেন, "আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দলকে ঢাকায় আনতে ৩৫ কোটি টাকা খরচ হতে পারে। স্পন্সরের মাধ্যমেই এ টাকা জোগাড় করতে হবে। "বাংলাদেশে ফুটবলের জাগরণের জন্য এ দুটি দলকে ঢাকায় আনার পরিকল্পনা নিয়েছি। আমাদের আশা, এর মধ্যমে ফুটবল তার হারানো গৌরব ফিরে পাবে। নতুন প্রজন্ম ফুটবলের প্রতি আগ্রহী হবে।" সব কিছু ঠিক থাকলে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দল ৩ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছবে বলে জানান তিনি। বাফুফে কর্মকর্তারা বলছেন, লিওনেল মেসি, কার্লোস তেভেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে অবশ্যই আনার কথা চুক্তিকে উল্লেখ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/১৯১৯ ঘ.