২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারে রিয়াল, প্রতিপক্ষ বার্সা

ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ আটের প্রথম খেলায় রিয়াল জেতে ৪-০ গোলে। ফলে ৫-০ গোলে এগিয়ে থাকায় আটবছর পর শেষ চারে জায়গা করে নিল তারা। সেমিফাইনালে দলটির প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। খেলা হবে ২৭ এপ্রিল ও ৫ মে। এর আগে অবশ্য দু'দল মুখোমুখি হবে আরো দু'বার। ১৭ এপ্রিল লা লিগায়। আর ২০ এপ্রিল কিংস কাপের ফাইনালে। এর আগে শাখতারের দোনেৎস্ককে হারিয়ে সেমিফাইনালে ওঠে বার্সা। ইংল্যান্ডের হোয়াইট হার্ট লেনে বুধবার রাতে ফিরতি খেলায় টটেনহ্যামের মাঠে অতিথি হয়ে আসে হোসে মরিনহোর দল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলতে হলে কমপক্ষে ৫-১ গোলে জিততে হতো ইংল্যান্ডের দলটিকে। অন্যদিকে রিয়ালের জন্য সমীকরণটা ছিল অনেক বেশি সহজ। হারলেও অসুবিধা নেই। কিন্তু সেটা যেন ৩-০ ব্যবধানের বেশি না হয়। সে কারণেই হয়তো একটু ঢিলেঢালাভাবে শুরু করে রিয়াল। আর তাকে ভালোভাবেই কাজে লাগায় ইংল্যান্ডের ক্লাবটি। দুই প্রান্ত দিয়ে অ্যারন লেলন আর গ্যারেথ ব্যালের আক্রমণে বার বার কেঁপে উঠে রিয়ালের রক্ষণভাগ। খেলার ২৭ মিনিটের মধ্যে তিনবার পেনাল্টির আবেদন জানিয়েও কোনো ফল পায়নি টটেনহ্যাম। তবে মোক্ষম সুযোগ আসে ৩০ মিনিটে। অ্যারন লেলন ডান প্রান্ত দিয়ে ঢুকে বল ঠেলে দেন রাশিয়ার রোমান প্যাবলিউনকোর কাছে। তবে গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে একা পেয়েও বল বারের ওপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি। এদিকে বেশ কয়েকবার পাল্টা আক্রমণ চালিয়েও সফলতার দেখা পাচ্ছিল না রিয়াল। মূল সমস্যা মাঝমাঠে। বল বানিয়ে দেয়ার মতো খেলোয়াড়ের অভাব স্পষ্ট হয়ে ওঠে। তখন অ্যাঞ্জেল ডি মারিয়ার অভাব হাড়ে হাড়ে টের পান রিয়াল কোচ মরিনহো। ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের ৪ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় রিয়াল। ২৫ গজ দূর থেকে টটেনহ্যামের গোলপোস্ট লক্ষ্য করে শট নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বলটা হাওয়ায় সামান্য বাঁক নেয়। টটেনহ্যাম গোলরক্ষক হিউরেলহো গোমেজের তা ধরতে খুব একটা বেগ পাওয়ার কথা ছিল না। ধরেও ফেলেছিলেন তিনি। কিন্তু তার হাত ফস্কে বল জড়িয়ে যায় জালে। চলতি মৌসুমে ৪৪তম খেলায় রোনালদোর এটি ৪০তম গোল। আর চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে ষষ্ঠ। প্রথম ও ফিরতি, এই দুই খেলা মিলিয়ে তখন ৫-০ গোলে পিছিয়ে স্বাগতিকরা। বাকি ৪০ মিনিট একের পর এক আক্রমণ করে গেছে তারা। অভিজ্ঞ জারমেইন ডিফোকে নামান টটেনহ্যাম কোচ। ডিফো আর রাফায়েল ফর ডার ভার্ট দু'বার শক্ত পরীক্ষায় ফেলেন ইকার ক্যাসিয়াসকে। কিন্তু স্পেনের এক নম্বর গোলরক্ষককে শেষ অবধি পরাস্ত করতে পারেনি তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/টিআর/১৬১১ ঘ.