২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকার ক্লাবকে হারিয়েছে মুক্তিযোদ্ধা

স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ২-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ২-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় মুক্তিযোদ্ধা। ২১ মিনিটে মুক্তিযোদ্ধার আক্রমণভাগের খেলোয়াড় জেমস মগা ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান সকার ক্লাবের আক্রমণভাগের খেলোয়াড় কাবুই ডোমেনিখ। তবে বেশিক্ষণ এই সমতা ধরে রাখতে পারেনি ফেনীর ক্লাবটি। খেলার ৬২ মিনিটে মুক্তিযোদ্ধার আক্রমণভাগের খেলোয়াড় বুকোলা ওলালেকানের গোলে ২-১ এ এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। জেমস মগার কাছ থেকে বল পেয়ে তীব্র শটে তা সকার ক্লাবের জালে জড়িয়ে দেন তিনি। এর ঠিক তিন মিনিট পর গোল শোধের দারুণ একটি সুযোগ পেলেও ভাগ্য সহায় হয়নি ফেনীর দলটির। ফেনীর তৌহিদুল আলম মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যকে পরাস্ত করতে পারলেও বল শট ক্রস পিচে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে ফেনী সকার ক্লাব। স্বাধীনতা কাপে খেলছে না চট্টগ্রাম আবাহনী স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতার একদিন পার হওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে চট্টগ্রাম আবাহনী এই প্রতিযোগিতায় অংশ নেবে না। সোমবার এক বিজ্ঞপ্তিতে বাফুফে এই তথ্য জানায়। সোমবার সকালেই অংশগ্রহণ না করার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রামের দলটি। তারা একটি ম্যাচও খেলেনি। দলটি 'বি' গ্র"পে থাকায় গ্র"পের অন্য দুটি দল ঢাকা মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৩ পয়েন্ট করে দিয়ে দেয়া হয়েছে। প্রতিযোগিতা শুরু হওয়ার পর নিজেদের অংশগ্রহণ না করার বিষয়টি জানানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে চট্টগ্রাম আবাহনী ফুটবল কমিটির চেয়ারম্যান জমিরউদ্দিন বলেন, "আমরা কখনই এই প্রতিযোগিতায় অংশ নেয়ার ইচ্ছার কথা বাফুফেকে বলিনি। প্রতিযোগিতায় খেলবো কিনা এটা জানতে বাফুফে থেকে আমাদের ফোন করা হয়েছিল, আমরা তখন হ্যাঁ বা না কিছুই বলিনি।" তিনি আরো বলেন, "বাংলাদেশ লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর আমরা এখনও ক্যাম্প গঠন করতে পারিনি। আর সেই কারণেই প্রতিযোগিতায় খেলার তেমন আগ্রহ ছিল না। কারণ আমরা আর্থিক সঙ্কট রয়েছি।" বাফুফেও স্বীকার করেছে চট্টগ্রাম আবাহনীর কাছ থেকে সম্মতি নেয়া হয়নি। প্রতিযোগিতার সমন্বয়ক হারুনুর রশিদ বলেন, "বাংলাদেশ লিগের সবগুলো দলই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তাই আমরা ভেবেছিলাম তারাও খেলবে। আমাদের ভুল হয়েছে যে, তাদের কাছ থেকে সম্মতি নেয়া হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১৪৬ ঘ.