ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক প্রীতি ফুটবলে রোববার জয় পেয়েছে ব্রাজিল। নেইমারের জোড়া গোলে স্কটল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে তারা।
আর লিন গাওয়ের শেষ মিনিটের গোলে চীন ২-২ গোলে ড্র করেছে জ্যামাইকার সঙ্গে।
শেষ দুটো প্রীতি খেলাতেই হারতে হয়েছিল 'সেলেকাও'দের। নতুন কোচ মানো মেনজিস নতুন খেলোয়াড়দের পরীক্ষা করতে মাঠে নামাচ্ছেন, হারের পেছনে এটাও একটা কারণ। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দলের হয়ে মাঠ কাঁপানো ব্রাজিল খেলোয়াড়দের মধ্যে জাতীয় দলে সম্বনয়হীনতাও বেশ পরিলক্ষিত।
রবিনহো, রোনালদিনহো, কাকা বা পাতো কেউই ছিলেন না রোববারের ব্রাজিল দলে। পাতোর জায়গায় দলে জায়গা পাওয়া নেইমার সুযোগটার পুরো সদ্ব্যবহার করলেন। দু'অর্ধে দুটো গোল করে শুধু মুগ্ধই করেন নি আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে উপস্থিত ৫৩ হাজার ৮৭ জন দর্শককে, সেই সঙ্গে দলকে গেঁথেছেন
একই সুতোয়। ব্রাজিল খেলেছে 'সুন্দর ফুটবল।'
তবে ব্রাজিলকে চমকে দিয়ে শুরুটা করেছিল স্কটিসরা। ঝড়ের মতো আক্রমণ চালাচ্ছিল ব্রাজিল শিবিরে। লুসিও, দানি আলভেজের মতো রক্ষণভাগের দক্ষ সেনারাও হাঁপিয়ে উঠছিলেন একের পর এক আক্রমণে। অবশ্য খেলার মিনিট ১৫ যেতে না যেতেই ব্রাজিল খেলোয়াড়রা বুঝে গেলো মাঝমাঠেই যত গলদ। মধ্যমাঠের দখল নিয়ে খেলায় ফিরে আসে সেলেকাওরা।
এর পরেই সান্তোস এর খেলোয়াড় নেইমার শুরু করলেন তার 'ম্যাজিক' শো। ত্বড়িৎ গতিতে জায়গা পরিবর্তন, দূর থেকে হঠাৎ ছুটে এসে টোকা দিয়ে স্কটল্যান্ড খেলোয়াড়দের কাছ থেকে বল কেড়ে নেয়া এবং ব্রাজিল রক্ষণ থেকে আক্রমণভাগ পর্যন্ত পুরো জায়গা জুড়ে ছুটাছুটি করা - কি করেন নি নেইমার! তার গোল পাওয়াটা তাই নিতান্ত সময়ের ব্যাপার ছিল।
৪২ মিনিটে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আন্দ্রে সান্তোস বাঁ-প্রান্তের খালি জায়গা দিয়ে বল নিয়ে উপরে উঠে আসেন। স্কটিস খেলোয়াড় অ্যালান হ্যাটানের দু'পায়ের ফাঁক দিয়ে বল ঠেলে দেন দৌঁড়াতে থাকা নেইমারের দিকে। বলটা প্রথমে থামালেন তিনি, তারপর নিচু শটে পরাস্ত করলেন গোলরক্ষক অ্যালান ম্যাগ্রেগরকে।
দ্বিতীয়ার্ধের শুরুটাও করেন নেইমার। ২৫ মিটার দূর থেকে নেয়া তার শট স্কটল্যান্ডের বার কাঁপিয়ে বাইরে চলে গেলে একটা সুযোগ নষ্ট হয়।
৫৩ মিনিটে পোস্টের উপর দিয়ে মেরে সহজ সুযোগ নষ্ট করেন রামিরেস।
নিজেদের ফিরে পাওয়ার চেষ্টা করে গেছে স্কটল্যান্ড। অ্যাডাম ছিলেন তাদের মাঝে সবচেয়ে উজ্জ্বল। সেই তিনিই ৭৭ মিনিটে নেইমারকে ফেলে দিলেন বক্সে। ফলাফল পেনাল্টি, যা থেকে গোল করতে কোনো ভুল করেন নি নেইমার।
নেইমারের কল্যাণে শেষ পর্যন্ত সহজ জয় নিয়ে বাড়ি ফেরে ব্রাজিল শিবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৭২৩
bdnews24