২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপ থেকে আর্সেনালের বিদায়

ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। সেই সঙ্গে ম্যান ইউ উঠে গেছে সেমিফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। সেই সঙ্গে ম্যান ইউ উঠে গেছে সেমিফাইনালে। ম্যান ইউয়ের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপের শেষ ষোলোর লড়াইয়ে নামে আর্সেনাল ও ম্যান ইউ। গানার্সরা চেয়েছিল বার্সালোনার কাছে ৩-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার গ্লানি মুছে ফেলতে। আর প্রিমিয়ার লিগের শেষ দুই খেলায় চেলসি ও লিভারপুলের কাছে হার মানার পর ম্যান ইউ চেয়েছিল আত্মসম্মান ফিরে পেতে। ম্যান ইউ কোচ অ্যালেক্স ফার্গুসন জানতেন এই খেলায় হারলে ব্রিটিশ সংবাদ মাধ্যম তাকে ছাড় দেবে না। তাই রক্ষণাত্মক ফুটবল খেলতে বলেন তার খেলোয়াড়দের। একজন, দু'জন বা তিনজন নয়, সাতজনকে খেলান তিনি রক্ষণভাগে। আগে ঘর সামলে আক্রমণে যাওয়ার সেই পুরনো কৌশল। কাজ হলো তাতেই। খেলার ২৮ মিনিটে প্রথম গোল করেন ফ্যাবিও ডি সিলভা। দ্বিতীয়ার্ধের শুরুতে ওয়েন রুনির গোলে ম্যান ইউয়ের জয় নিশ্চিত হয়ে যায়। তবে সবাইকে ছাপিয়ে নায়ক হয়ে যান 'রেড ডেভিলস' গোলরক্ষক এডউইন ফন ডার সার। একের পর এক আর্সেনাল আক্রমণ প্রতিহত করে তার দলকে নিয়ে যান এফএ কাপের সেমিফাইনালে। এই হারের ফলে টানা দুই সপ্তাহে তিনটি প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হলো আর্সেনালকে। এগুলো হলো চ্যাম্পিয়ন্স লিগ, কার্লিংকাপ ও এফএ কাপ। বাকি রয়েছে কেবল প্রিমিয়ার লিগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৩৫ ঘ.