ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। দিনের অন্য খেলায় ভালেন্সিয়াকে হারিয়ে শেষ আটে উঠেছে শালকে ০৪।
প্রথম খেলায় এসি মিলানের মাঠে ১-০ গোলে জেতে টটেনহ্যাম। ফিরতি খেলায় নিজেদের মাঠ হোয়াইট হার্ট লেনে গোলশূন্য ড্র করে দলটি।
শেষ আটে চতুর্থ দল হিসেবে যোগ দিয়েছে জার্মান ক্লাব শালকে ০৪। পিছিয়ে পড়েও নিজেদের মাঠে ফিরতি খেলায় ৩-১ গোলে তারা উড়িয়ে দেয় স্পেনের দল ভালেন্সিয়াকে। এর আগে প্রথম খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
একটি দল ইউরোপ সেরা হয় সাতবার। অপর দলটি ইউরোপ সেরার লড়াইয়ে এবারই প্রথম এলো। বলা হচ্ছে সেরি আ'র দল এসি মিলান ও ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামের কথা।
যতটা উপভোগ্য হবে বলে মনে করা হয়েছিল, তার চেয়েও বেশি জমজমাট খেলা উপহার দিয়েছে এসি মিলান ও টটেনহাম। একে নিজের মাঠ, তার ওপর প্রথম খেলায় জিতে এসেছে প্রতিপক্ষের মাঠ থেকে। কাগজ কলমে এসি মিলানের চেয়ে পিছিয়ে থাকলেও টটেনহ্যাম তাই মানসিক দিক দিয়ে এগিয়ে থেকেই খেলতে নামে।
৩৪ হাজারেরও বেশি দর্শক অনবরত এক সুরে গান গেয়ে উৎসাহ জুগিয়েছে টটেনহ্যামকে। সেই উৎসাহ কিন্তু শুরুতেই পরিণত হয় চাপে। আলেক্সান্দ্রে পাতো, ইব্রাহিমোভিচ, রবিনহো, ক্ল্যারেন্স সির্ডফ ও থিয়েগো সিলভার দলের সামনে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা।
পুরো প্রথমার্ধ চাপিয়ে খেলেও অবশ্য কোনো লাভ হয়নি অতিথি এসি মিলানের। প্রয়োজনীয় গোলটি আদায় করতে পারেনি তারা। অন্যদিকে দু-একবার নিষ্ফল আক্রমণ চালায় টটেনহ্যাম।
বিরতির সময় কোচ সাজঘরে কিছু একটা বলে থাকবেন, তা না হলে সেই দুর্বল টটেনহ্যাম দ্বিতীয়ার্ধে এতটা জ্বলে উঠলো কিভাবে! মাঝ মাঠে এক ইঞ্চি জায়গা দেয়নি তারা মিলানকে। আক্রমণ চালিয়েছে একের পর এক।
একবার ডান প্রান্ত থেকে অ্যারন লেননের উড়িয়ে মারা বল মাথা দিয়ে জালে পাঠাতে চেষ্টা করেন ক্রাউচ। কিন্তু পারেননি।
গোল না পেয়ে মিলান কোচ মাসিমিলানো অ্যালিগ্রি নামান অ্যালেকজান্দার মার্কেলকে। খেলার শেষ মিনিটে একটি বলও বানিয়ে দেন তিনি। কিন্তু রবিনেহা তা পাঠিয়ে দেন বাইরে।
অন্য খেলার শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল শালকে ০৪। রক্ষণভাগের খেলোয়াড় রিকার্ডো কস্টার গোলে এগিয়ে যায় ভালেন্সিয়া।
গোল খেয়ে যেন চাঙ্গা উঠে শালকে। ৪০ মিনিটে ফারফানের গোলে খেলায় সমতা ফেরায় বুন্ডেজলিগায় অনুজ্জ্বল শালকে।
খেলার ৫২ মিনিটে ফারফানের কাছ থেকে বল পেয়ে মারিও গাভরানোভিচ গোল করে এগিয়ে নেন শালকেকে।
অতিরিক্ত সময়ের ৪ মিনিটে (৯০ ৪) ভালেন্সিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন ফারফান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/টিআর/২০১৬ ঘ.
bdnews24