২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াইয়ের পুঁজি গড়ছে নিউজিল্যান্ড

বিশ্বকাপ ক্রিকেট খেলায় পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে ৪০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 09:26 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট খেলায় পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে ৪০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৩। একপ্রান্তে স্কট স্টাইরিস ২০ রান নিয়ে ব্যাট করছেন। অন্যপ্রান্তে রস টেলর ৬০ রানে অপরাজিত। দুজন পঞ্চম উইকেটে এ পর্যন্ত ৫০ রান যোগ করেছেন। এটি টেলরের একদিনের ক্রিকেট জীবনে ২০ তম অর্ধশতক। বিশ্বকাপে দ্বিতীয়। জেমস ফ্রাঙ্কলিনকে (১) ফিরিয়ে দিয়ে নিউজিল্যান্ডের ৪র্থ উইকেটে পতন ঘটান মোহাম্মদ হাফিজ। দলীয় ১১২ রানে মার্টিন গুপটিলকে (৫৭) ফেরান আফ্রিদি। তৃতীয় উইকেটে টেলরের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন তিনি। এটি একদিনের ক্রিকেট জীবনে গুপটিলের ১১ তম অর্ধশতক। বিশ্বকাপে দ্বিতীয়। এর আগে দলীয় ৫৫ রানে জেমি হাউকে (৪) ফিরিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ঘটান উমর গুল। ভাঙ্গে গুপটিলের সঙ্গে গড়া ৪৭ রানের জুটি। শোয়েব আখতারের করা ১৪ তম ওভারে টেলরকে ৩ বলে দুবার জীবন দেন কামরান আকমল। শোয়েব আখতারের করা খেলার প্রথম ওভারেই ফ্রি হিট থেকে দারুণ এক ছক্কা হাঁকানোর পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ব্রেন্ডন ম্যাককালাম। দলের রান তখন ৮। পাল্লাকেলেতে বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের চতুর্থ খেলায় পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম খেলায় কেনিয়াকে হারায় ২০৫ রানে। পরের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে জেতে ১১ রানে। তৃতীয় খেলায় কানাডাকে হারায় ৪৬ রানে। অন্যদিকে নিউজিল্যান্ড নিজেদের প্রথম খেলায় কেনিয়ার বিপক্ষে জেতে ১০ উইকেটে। পরের খেলায় অস্ট্রেলিয়ার কাছে হারে ৭ উইকেটে। তৃতীয় খেলায় জিম্বাবুয়েকে হারায় ১০ উইকেটে। এর আগে মোট ৮৮ বার খেলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৫১ খেলায় জিতেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের জয় ৩৪ খেলায়। ১টি খেলা টাই হয়েছে, ২টি খেলায় কোনো ফল আসেনি। পাকিস্তান দলে আজ খেলছেন শোয়েব আখতার ও আব্দুর রেহমান। কানাডার বিপক্ষে খেলা ওয়াহাব রিয়াজ ও সাঈদ আজমল খেলছেন না। অন্যদিকে নিউজিল্যান্ড দলে আজ খেলছেন জ্যাকব ওরাম। খেলছেন না জেসি রাইডার। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৫১ ঘ.