ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি মৌসুমে লিওনেল মেসির ৪৩তম গোলের সুবাদে স্পেনের লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। আর রাউল গঞ্জালেসের গোলে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে একই ব্যবধানে হারিয়ে 'ডিএফপি পোকাল'র ফাইনালে উঠেছে শালকে ০৪।
এদিকে এফএ কাপের শেষ আটের লড়াইয়ে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ম্যান সিটি ৩-০ গোলে হারায় অ্যাস্টন ভিলাকে। তৃতীয় বিভাগের দল লেইটন ওরিয়েন্টকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।
ভালেন্সিয়ার মাঠে মেসির বদলে সবার চোখ ছিল ডেভিড ভিয়ার দিকে। এই মৌসুমে ভালেন্সিয়া ছেড়ে বার্সাতে যোগ দেয়া ভিয়া পুরনো মাঠ ও সাবেক দলের বিপক্ষে কতটা জ্বলে উঠতে পারেন, সেটাই ছিল দেখার বিষয়। তিনি জ্বলে উঠলেন ঠিকই, কিন্তু দেয়াল হয়ে দাঁড়ালেন পুরনো সতীর্থ গোলরক্ষক ভিন্সেন্তে গুয়েইতা। ভিয়ার সব আক্রমণই ভেস্তে যায়।
কিন্তু আরেকজন আছেন। তার নাম মেসি। মেসি যেন পণ করেছেন তার সব ফুটবল প্রতিভা ঢেলে দেবেন এই মৌসুমে। ৭৭ মিনিটে তার গোলেই জয়ের দেখা পায় বার্সা।
পয়েন্ট তালিকার দ্বিতীয় দল রিয়াল মাদ্রিদকে ১০ পয়েন্ট পেছনে ফেলে লা লিগার শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে গেল বার্সা।
২৬ খেলায় ৭১ পয়েন্ট দলটির। রিয়ালের সংগ্রহ ৬১। যদিও এক ম্যাচ কম খেলেছে তারা।
বার্সার আছে মেসি, আর শালকের আছে রাউল। 'ডিএফপি পোকাল'র সেমিফাইনালে তার গোলেই বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে প্রতিযোগিতা থেকে বিদায় করে দেয় শালকে।
'ডিএফপি পোকাল'র চূড়ান্ত খেলা হবে ২১ মে। শালকে খেলবে দ্বিতীয় বিভাগের দল ডুইসবার্গের বিপক্ষে।
এফএ কাপে ম্যান সিটির পক্ষে গোল তিনটি করেন ইয়াইয়া তোরে, মারিও বালোতেল্লি ও ডেভিড সিলভা।
লেইটন ওরিয়েন্টের বিপক্ষে আর্সেনালের বড় জয়ে ভূমিকা রাখেন নিকোলাস বেন্ডনার। খেলায় হ্যাট্রিক করেন তিনি। বাকি দু'টি গোল দেন মউরানি চামাক ও গেইল ক্লিচি।
কোয়ার্টার ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ ম্যানচেষ্টার ইউনাইটেড। খেলা হবে ১২ মার্চ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯০০ ঘ.
bdnews24