ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম) - মিথুন চৌধুরীর হ্যাট্রিকের ওপর ভর করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৫-০ গোলে জিতেছে ফরাশগঞ্জের বিপক্ষে।
এই খেলায় জিতে বাংলাদেশ লিগে ২২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে উঠে গেল মুক্তিযোদ্ধা।
রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই মুক্তিযোদ্ধার আক্রমণাত্মক ফুটবলের সমানে অসহায় হয়ে পড়ে ফরাশগঞ্জ। প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই সময় কাটে তাদের। মাঝে মধ্যে পাল্টা আক্রমণ চালালেও গোল আদায় করতে পারেনি তারা।
খেলার ১০ মিনিটেই মিথুন চৌধুরী এগিয়ে নেন তার দলকে। ব্যবধান বাড়াতে খুব একটা সময় নেয়নি দলটি। ১১ মিনিট পর দলের পক্ষে দ্বিতীয় গোল করেন মিথুনই।
৪৫ মিনিটে মুক্তিযোদ্ধার বিদেশি খেলোয়াড় জেমস মগা করেন তৃতীয় গোল।
প্রথমার্ধে তিন গোলে এগিয়ে গিয়ে বড় জয়ের আভাস দেয় মুক্তিযোদ্ধা। দ্বিতীয়ার্ধে আরো দু'টি গোল করে তারা।
খেলার ৭১ মিনিটে মিথুন দলের পক্ষে চতুর্থ, সেই সঙ্গে তৃতীয় গোল করে হ্যাট্রিক করেন তিনি। এ নিয়ে লিগে মিথুন গোল করলেন ৯টি।
৮১ মিনিটে মুক্তিযোদ্ধার কফিনে শেষ পেরেকটি ঠোকেন মগা।
খেলা শেষে মুক্তযোদ্ধার কোচ মারুফুল হক বলেন, "মাঝে সময় পেয়ে খেলোয়াড়রা ভালো করে অনুশীলন করতে পেরেছে। এই বড় জয় তারই ফসল। আর মিথুন হ্যাট্রিক করে তার দক্ষতার প্রমাণ রেখেছেন।"
অলিম্পিক প্রাক-বাছাই পর্বের খেলার জন্য বাংলাদেশ-অনূর্ধ্ব ২৩ দল কুয়েত যাওয়ায় বাংলাদেশ লিগের খেলা ১৪ ফেব্র"য়ারি বন্ধ হয়ে যায়। গত রোববার আবার মাঠে গড়িয়েছে লিগ।
ব্রাদার্স ইউনিয়ন-চট্টগ্রাম মোহামেডান
কক্সবাজার স্টেডিয়ামে দিনের অন্য খেলায় ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডান।
চট্টগ্রাম মোহামেডানের পক্ষে ৪৫ মিনিটে খালিদ হোসেন জয়সূচক গোলটি করেন।
এ জয়ের ফলে চট্টগ্রাম মোহামেডানের পয়েন্ট দাঁড়ালো ১০-এ। সমান খেলায় ব্রাদার্সেরও সংগ্রহ ১০।
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/এমএইচ/টিআর/২০০৭ ঘ.
bdnews24