ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও মারিও গোমেজের জোড়া গোলের ওপর ভর করে দশজনের স্টুটগার্টকে রোববার ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আর কাইজারস্লটার্নের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে শিরোপা প্রত্যাশী বরুসিয়া ডর্টমুন্ড।
খেলা শেষে বায়ার্ন ‘উইঙ্গার’ আরিয়েন রোবেন বলেন, “ডর্টমুন্ড যে পয়েন্ট হারাবে তা কেউ চিন্তাও করেননি। যাই হোক, আমরা আমাদের খেলায় জিতেছি, তাই দিনটাকে ভালোই বলতে হবে।”
গোমেজ ১৩ ও ৫৭ মিনিটে গোল দুটো করে এ মৌসুমে তার গোল সংখ্যা নিয়ে যান ১৫-তে। অবশ্য খেলার ছয় মিনিটে স্বাগতিক দল স্টুটগার্টকে এগিয়ে নিয়েছিলেন ক্রিশ্চিয়ান জেন্টনার।
খেলার ২৯ মিনিটে রোবেনকে মাটিতে ফেলে দেয়ায় দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় ক্রিশ্চিয়ান মলিনারোকে। এর পাঁচ মিনিট আগে এই রোবেনকে ফাউল করায় হলুদ কার্ড দেখতে হয়েছিল তাকে।
ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল-ইডুযানা-পার্কে শিনঝি কাগাওয়ার গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড, খেলার ২৭ মিনিটে। ৬০ মিনিটে খেলায় সমতা ফেরান ওলকে সাহান।
বায়ার্ন ১৬ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। সমান খেলায় দ্বিতীয় দল ডর্টমুন্ডের পয়েন্ট ৩১। শালকের পয়েন্ট ৩১ হলেও দলটি পিছিয়ে আছে গোল ব্যবধানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৯ ঘ.
bdnews24