২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোপের মুখে ব্লাটার

ফুটবল মাঠে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালি দেয়ার ঘটনাকে হাল্কা করে দেখার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 07:23 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল মাঠে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালি দেয়ার ঘটনাকে হাল্কা করে দেখার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। এক টেলিভিশন সাক্ষাৎকারে ব্লাটার বলেছিলেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত খেলোয়াড়রা 'হ্যান্ডশেক' করেই ব্যাপারটি চুকিয়ে ফেলতে পারেন। তার এই মন্তব্য নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় ওঠে ইংল্যান্ডে। বর্ণবাদী শব্দ ব্যবহার করে প্রতিপক্ষ খেলোয়াড়কে গালি দেয়ায় ইংল্যান্ড অধিনায়ক জন টেরির বিরুদ্ধে তদন্ত চলছে। আর লিভারপুলের লুই সুয়ারেজের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে এফএ। অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে একটি বিবৃতি দিয়ে ব্লাটার বলেন, যারা সমালোচনা করছেন, তারা তার বক্তব্য ঠিকমতো বুঝতে পারেননি অর্থাৎ 'ভুল বুঝেছেন'। ব্লাটারের সমালোচনা করতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড় রিও ফার্ডিনান্ড বলেন, বর্ণবাদ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি (ব্লাটার) এতটা সৌজন্যতা দেখিয়েছেন যে না হেসে থাকাই দায়। বর্তমানে রিওয়ের ভাই অ্যান্টনকে গালি দেয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আল-জাজিরায় প্রচারিত এক সাক্ষাৎকারে ব্লাটার বলেন, খেলার সময় মাথা গরম করে খেলোয়াড়রা গালা-গালি করে থাকেন। কিন্ত শেষ বাঁশি বাজার পরপর তা তারা ভুলেও যান। শুধু এখানেই থেমে থাকেননি ব্লাটার, এ ধরনের ঘটনা সামাল দেয়ার জন্য লিগ কর্মকর্তাদের পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, দুই খেলোয়াড়কে ডেকে হাত মিলিয়ে ছেড়ে দেন, দেখবেন মিটে গেছে সবকিছু। ব্লাটার এমন একদিন এই মন্তব্য করেন, যেদিন বর্ণবাদী শব্দ ব্যবহার করে ম্যানচেস্টার ইউনাটেডের প্যাট্রিক এভরাকে গালি দেয়ায় লিভারপুলের লুই সুয়ারেজের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। ফ্রেঞ্চ টিভিকে এভরা বলেন, প্রিমিয়ার লিগের খেলার সময় অন্তত দশবার সুয়ারেজ তাকে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালি দিয়েছেন। কিন্ত এ কথা অস্বীকার করেন সুয়ারেজ। ইংল্যান্ডের খেলোয়াড়দের ইউনিয়নের প্রধান নির্বাহী গর্ডন টেলর ব্লাটারের সমালোচনা করতে গিয়ে বলেন, তার মন্তব্য মেনে নেয়া যায় না। ফিফার এজেন্ডায় যখন বর্ণবাদবিরোধী তৎপরতা যুক্ত করার চেষ্টা চলছে তখন তার এই মন্তব্য অনাকাক্সিক্ষত। পরে ব্লাটার তার বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ফিফা ওয়েবসাইটে বলেন, "আমি যা বলতে চেয়েছিলাম তা হলো খেলার সময় ফুটবলাররা রীতিমতো যুদ্ধে অবতীর্ণ হন এবং সে সময় এমন কিছু ঘটে যা অবশ্যই ভুল।" "খেলার সময় আপনি যদি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন তাহলে খেলা শেষে আপনি প্রতিপক্ষের কাছে ক্ষমা চেয়ে তার হাত ঝাকিয়ে দেন, দেখবেন মিটে গেছে সবকিছু। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমাপ্তিও ঘটবে ওই ঘটনার," যোগ করেন ব্লাটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০০ ঘ.