ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্দ্রে আগাসির পর রজার ফেদেরার দ্বিতীয় খেলোয়াড় যিনি ফেঞ্চ ওপেন ও প্যারিস মাস্টার্স শিরোপা জিতেছেন। দুটি প্রতিযোগিতারই আয়োজক প্যারিস।
রোববার ফ্রান্সের জো-উইলফ্রিড সঙ্গাকে হারিয়ে প্রথমবারের মত প্যারিস মাস্টার্স শিরোপা ঘরে তোলেন সুইজারল্যান্ডের এই টেনিস তরকা। এ বছর এটি তার একমাত্র মাস্টার্স শিরোপা। এখন পর্যন্ত ১৮টি মাস্টার্স শিরোপা জিতেছেন ফেদেরার। যা আগাসির চেয়ে একটি বেশি ও শীর্ষে থাকা নাদালের চেয়ে একটি কম।
রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ী ফেদেরারের মোট শিরোপা সংখ্যা ৬৯টি।
গত সপ্তাহেই বাসেলে শিরোপা জেতেন তিনি। তবে ২০০২ সালের পর এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা ছাড়া বছর শেষ করতে যাচ্ছেন ফেদেরার।
টানা ১২টি জয় নিয়ে আটজনের এটিপি ওয়ার্ল্ড ট্যু ফাইনাল খেলতে লন্ডন যাবেন ফেদেরার। স্বভাবতই ফুরফুরে মেজাজে থাকবেন ৩০ বছর বয়সী এই টেনিস তারকা। প্রতিযোগিতাটি শুরু হবে ২০ নভেম্বর। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪৮ ঘ.
bdnews24