ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাঁধের চোটের কারণে প্যারিস মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন নোভাক জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিলো ফ্রান্সের জো-উইলফ্রিড সঙ্গা।
ব্যক্তিগত ওয়েবসাইটে পুরুষদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জোকোভিচ জানান, "গভীর দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে টুর্নামেন্ট থেকে আমি সরে দাঁড়াচ্ছি। আপনারা যারা টিকেট কেটে আমার খেলা দেখতে চেয়েছিলেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।"
"মৌসুমটা ভীষণ দীর্ঘ আর ক্লান্তিকর ছিলো আমার জন্য। নিজের সবগুলো ম্যাচই সর্বস্ব ঢেলে দিয়ে খেলেছি। আমার শরীর আর ভার বইতে পারছে না," যোগ করেন তিনি।
এ বছর তিনটি গ্র্যান্ড স্লামসহ ৮টি টুর্নামেন্টের শিরোপা জিতলেও সেপ্টেম্বরে ইউএস ওপেন জয়ের পর থেকেই চোট সমস্যায় জর্জরিত জোকোভিচ। গত মাসে সাংহাই মাস্টার্সে অংশ নিতে পারেননি। গত সপ্তাহে সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে কাঁধের চোট নিয়ে অংশ নিলেও হেরে যান সেমিফাইনালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯১৩ঘ.
bdnews24