ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্দ্রে ইনিয়েস্তার লক্ষ্যভেদে কোপা দেল রে'র চতুর্থ রাউন্ডের প্রথম লেগে তৃতীয় বিভাগের দল হসপিতালেতকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
গত শনিবার স্পেনের লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে পড়েছে বার্সেলোনা। হসপিতালেতের মাঠেও লিওনেল মেসি ও দানি আলভেসবিহীন স্পেন ও ইউরোপ চ্যাম্পিয়নদের জয়ের জন্য যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে।
বিরতির মিনিট দুয়েক আগে বক্সের বাইরে থেকে নেয়া ইনিয়েস্তার দুর্দান্ত শট স্বাগতিক গোলরক্ষক হোসে মোরাগনকে বোকা বানিয়ে এগিয়ে দিয়েছে বার্সেলোনাকে।
পরের মিনিটে সেইডু কেইটার কর্নার থেকে কার্লোস পুয়েলের হেড সাইডপোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান বাড়তেও পারতো।
তবে শেষ মুহূর্তে দ্বিতীয় গোলরক্ষক হোসে ম্যানুয়েল পিন্টো দুর্দান্তভাবে প্রতিপক্ষের একটি আক্রমণ ঠেকিয়ে না দিলে ড্র নিয়েই ফিরতে হতো পেপ গার্দিওলার দলকে।
বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে ফিরতি লেগ হবে ২১ ডিসেম্বর। দুই লেগ মিলিয়ে বিজয়ী দল খেলবে শেষ ষোলতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৮২৪ঘ.
bdnews24