ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের বর্তমান দলটির খেলা দেখতে বিরক্তিবোধ করেন কিংবদন্তি ফুটবলার সক্রেটিস। ব্রাজিল তাদের লাতিন ছন্দ থেকে সরে আসছে বলেও মনে করছেন তিনি।
ইএসপিএন ব্রাজিলকে তিনি বলেন, "ব্রাজিলের বর্তমান দলটির খেলা দেখা সম্ভব নয়, এক কথায় 'বিরক্তিকর'। শক্তি প্রয়োগ ও রক্ষণাত্মক মানসিকতার কারণে একঘেয়ে লাগে।"
"দায়িত্বে থাকা মানুষগুলো ফুটবল সৌন্দর্য্যকে অন্য পথে নিয়ে যাচ্ছেন। পুরো ম্যাচে আপনি ব্রাজিলের একজন খেলোয়াড়কেও বল 'ড্রিবল' করতে দেখবেন না।"
১৯ বছর বয়সী ব্রাজিল স্ট্রাইকার নেইমার অল্প সময়ে বেশ তারকাখ্যাতি পেয়েছেন। তবে সক্রেটিসের পছন্দের তালিকায় নেইমারের ওপরে আছে গানসোর নাম।
সক্রেটিস বলেন, "এই মুহূর্তে গানসোই ব্রাজিলের সবচেয়ে ভালো খেলোয়াড়। তিনি সতীর্থদের এক সূতোয় গাঁথতে পারেন। খেলার গতিও পাল্টে দিতে পারেন। তিনি পরিশ্রমীও বটে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৩৭ ঘ.
bdnews24