ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের আগামী মৌসুমের জন্য ৭ জন বিদেশী ফুটবলারকে চূড়ান্ত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ৭ জনকে যাচাই করে নিতে নেপালের পোখরায় একটি টুর্নামেন্টে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পেশাদার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
শেখ জামালের ব্যবস্থাপক আনোয়ারুল করিম হেলাল রোববার জানিয়েছেন, "৭ বিদেশী ফুটবলারকে আমরা চূড়ান্ত করেছি। ইতোমধ্যে তিনজনের নিবন্ধনও হয়েছে।"
নিবন্ধন হওয়া তিন ফুটবলার হলেন ব্রাজিলীয় মিডফিল্ডার এভারটন ডি সুজা, নাইজেরিয়ার ডিফেন্ডার ফেমি অরুনিমি ও ক্যামেরুনের স্ট্রাইকার টমাস ইয়ুক। এদের মধ্যে এভারটন গত মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন। আর গত দুই মৌসুম ঢাকা মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হয়ে বাংলাদেশ লিগে অংশ নেন অরুনিমি।
বাকি চার ফুটবলারের মধ্যে তিন জনই ঘানার। তারা হলেন স্ট্রাইকার মরিসন, মিডফিল্ডার মোস্তফা ইব্রাহিম ও স্টপার ইউসেফ। অন্যজন নাইজেরীয় স্ট্রাইকার কেস্টা।
গত ১ নভেম্বর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এক প্রস্তুতি ম্যাচে বিজেএমসিকে ২-১ গোলে হারায় শেখ জামাল। ঐ ম্যাচে দুটো গোলই করেন কেস্টা।
পোখরার টুর্নামেন্টটিতে অংশ নিতে ১০ নভেম্বর ঢাকা ছাড়বে শেখ জামাল। টুর্নামেন্টের অন্য বিদেশী দল ভারতের ইস্টবেঙ্গল।
শেখ জামাল মাঠে নামবে ১৪ নভেম্বর। তাদের প্রতিপক্ষ অবশ্য জানা যায়নি এখনো। নকআউট ভিত্তিতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৯ নভেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯০৭ঘ.
bdnews24