ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লুকাস কুবোতকে স্রেফ উড়িয়ে দিয়েছেন সুইস ইনডোরের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। এর মধ্য দিয়ে দ্রুত তার ছন্দে ফেরারও আভাস মিলছে। চোটে পড়ায় ছয় সপ্তাহ কোর্টের বাইরে ছিলেন তিনি।
নিজের উদ্বোধনী খেলায় রীতিমতো নড়বড়ে লাগছিল জকোভিচকে। কুবোতের বিপক্ষে জ্বলে ওঠেন তিনি বেশ ভালোভাবেই। মাত্র ৫৪ মিনিটে বিশ্ব র্যঙ্কিংয়ের ৬৪ নম্বর খেলোয়াড় পোল্যান্ডের কুবোতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তিনি।
খেলা শেষে বিশ্বের এক নম্বর খেলোয়াড় বলেন, "আজকের ম্যাচটি ছিল আসলেই সহজ। কোর্টেও আমার বেশ ভালো লেগেছে। আর ভালো খেলতে পেরে আমি সত্যিই খুব খুশি।"
"আগামীকাল আরো ভালো খেলতে চেষ্টা করবো," যোগ করেন জকোভিচ।
জকোভিচ এখন খেলবেন ফ্লোরিয়ান মেয়ারের সঙ্গে। ২০০৯ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেও পরের বছর ফাইনালে রজার ফেদেরারের কাছে হেরে যান জকোভিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৪৬ ঘ.
bdnews24