২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে ম্যান ইউ, আর্সেনাল

ইংল্যান্ডের কার্লিং কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। মঙ্গলবার চতুর্থ রাউন্ডে ম্যান ইউ ৩-০ গোলে অ্যালডারশট ও আর্সেনাল ২-১ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের কার্লিং কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। মঙ্গলবার চতুর্থ রাউন্ডে ম্যান ইউ ৩-০ গোলে অ্যালডারশট ও আর্সেনাল ২-১ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে হারিয়েছে। রোববার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়া অ্যালেক্স ফার্গুসনের দলকে এই জয় কিছুটা হলেও স্বস্তি দেবে। ম্যান ইউর হয়ে গোল তিনটি করেন দিমিতার বারবাতভ, মাইকেল ওয়েন ও আন্তনিও ভ্যালেন্সিয়া। অতিথি হিসেবে খেলতে নেমে ১৫ মিনিটেই এগিয়ে যায় ম্যান ইউ। কর্নার থেকে গড়ে ওঠা একটি আক্রমণকে পূর্ণতা দিয়ে গোলটি করেন বারবাতভ। অবশ্য প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতাও এই গোলের জন্য অনেকাংশে দায়ী। বিরতির মিনিট চারেক আগে ব্যবধান দ্বিগুন করেন ওয়েন। মাঝমাঠে বল পেয়ে বারবাতভকে পাস দেন তিনি। প্রতিপক্ষের এক জনকে কাটিয়ে বারবাতভ আবার বল দেন ওয়েনকে। সেই পাস থেকেই ওয়েনের গোল। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া ভ্যালেন্সিয়ার জোরালো শট নিশ্চিত করে দেয় ম্যান ইউ'র জয়। অন্য ম্যাচে বোল্টনের সঙ্গে পিছিয়ে পড়েও জয় পেয়েছে আর্সেনাল। ৪৭ মিনিটে ফ্যাব্রিস মুয়ামবা বোল্টনকে এগিয়ে দিলেও বেশিক্ষণ এগিয়ে থাকার আনন্দ উপভোগ করতে পারেনি তারা। ৫৩ মিনিটে আন্দ্রেই আরশাভিনের গোলে সমতায় ফেরে আর্সেনাল। তার ঠিক তিন মিনিট পর কোরিয়ান স্ট্রাইকার চু-ইয়াং পার্কের লক্ষ্যভেদ জয় এনে দেয় তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯১৬ঘ.