ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মন্টেনেগ্রোর বিপক্ষে শুক্রবার ইউরো বাছাই পর্বের খেলায় লাল কার্ড দেখায় ইংল্যান্ডের সংবাদ মাধ্যমের তোপের মুখে পড়েছেন ওয়েইন রুনি। তবে এই ঘোর বিপদে তিনি পাশে পাচ্ছেন কোচ ফ্যাবিও ক্যাপেলোকে।
ঘোর বিপদই বটে! বৃহস্পতিবার ম্যাচ পাতানোর অভিযোগে রুনির বাবা গ্রেফতার হন। তার একদিন পরই মাঠে নেমে লালকার্ড দেখতে হলো রুনিকে! ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একের পর এক গোল করে দুর্দান্ত এক মৌসুম শুরু করা রুনির জন্য পরিবেশটা হঠাৎই প্রতিকূল হয়ে উঠেছে।
শুক্রবারের খেলায় ইংল্যান্ডের দুটি গোলই বানিয়ে দেন রুনি। খেলার বাকি ১৭ মিনিট, ইংল্যান্ড ২-১ গোলে এগিয়ে। তখনই অযাচিতভাবে মাথা গরম করে রুনি লাথি মেরে বসেন মন্টেনেগ্রোর মাওদ্রাগ জুদভিচকে। সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে বের করে দেয়া হয়। ইংল্যান্ড পরিণত হয় দশ জনের দলে। শেষ দিকে এই সুবিধা নিয়ে গোল করে দলকে সমতায় ফেরান মন্টেনেগ্রোর আন্দ্রিয়া দেলিবাসিচ। শেষ পর্যন্ত খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে।
বাবা গ্রেফতারের ঘটনার রেশ না কাটতেই লাল কার্ডের ঘটনা। তবে রুনির এই দুঃসময়ে চতুরতার সঙ্গে শিষ্যের পক্ষই নিয়েছেন ক্যাপেলো।
ক্যাপেলো বলেন, "সে (রুনি) একটি ছোট্ট ভুল করেছে এবং ক্ষমাও চেয়েছে।"
"ও লাল কার্ড পেয়েছে। এটার নিয়ে বলার কিছুই নেই। অনেক খেলোয়াড়কেই আমি এমন করতে দেখেছি," যোগ করেন ইংল্যান্ড কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৯৩৫ ঘ.
bdnews24