২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব রেকর্ডই ভাঙ্গা সম্ভব: রোনালদো

গত মৌসুমে নিজের গড়া সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙ্গে ফেলা সম্ভব বলে মনে করেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত মৌসুমে নিজের গড়া সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙ্গে ফেলা সম্ভব বলে মনে করেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি বলেন, "ফুটবলে কিছুই অসম্ভব নয়। সব রেকর্ডই ভাঙ্গা সম্ভব। আশা করি আমি আগের রেকর্ড ভেঙ্গে ফেলতে পারবো।" "আগামীতে কী হবে তা ভবিষ্যতই বলে দেবে। ভবিষ্যতের কথা কেউই আগের থেকে বলতে পারে না। তবে আমার পক্ষে এই রেকর্ড ভাঙ্গা সম্ভব," যোগ করেন তিনি। গত মৌসুমে ৪১ গোল করে স্পেনের লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুবাদে 'পিচিচি' পুরস্কার পান রোনালদো। আগের রেকর্ডটি যৌথভাবে ছিলো তেলমো জারা ও হুগো সানচেজের দখলে। এক মৌসুমে ৩৮টি করে গোল করেন তারা। এবারের লা লিগায় এরই মধ্যে দুটো হ্যাটট্রিকসহ ৭ গোল করেছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে করেছেন এক গোল। অবশ্য রোববার এসপানিওলের বিপক্ষে রিয়ালের চার গোলের জয়ে একটিও তার গোল নয়। তবে দুটো গোল বানিয়ে দিয়েছেন এই পর্তুগিজ তারকাই। এ সম্পর্কে রোনালদো বলেন, "আমি সতীর্থদের দিয়ে গোল করাতে পছন্দ করি। এটা আমার দায়িত্বের অংশ। তারা যেমন আমাকে পাস দেয় তেমনি আমিও তাদের দেই। দলকে জয় এনে দিতে আমি সব সময় নিজের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৩৭ঘ.