২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছে জুভেন্টাস ও উদিনেস

সেরি আয় রোববার জিতেছে জুভেন্টাস, উদিনেস, পার্মা, পালের্মো, কালিয়ারি ও লাজিও। এছাড়া নোভারা ও কাতানিয়া এবং সেসেনা ও শিয়েভোর খেলা অমীমাংসিতভাবে শেষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 05:38 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেরি আয় রোববার জিতেছে জুভেন্টাস, উদিনেস, পার্মা, পালের্মো, কালিয়ারি ও লাজিও। এছাড়া নোভারা ও কাতানিয়া এবং সেসেনা ও শিয়েভোর খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। জুভেন্টাস ২-০ গোলে এসি মিলানকে, উদিনেস ২-০ গোলে বোলোনিয়াকে, পার্মা ৩-১ গোলে জেনোয়াকে, পলের্মো ২-০ গোলে সিয়েনাকে, কালিয়ারি ২-০ গোলে লিসকে ও লাজিও ২-১ গোলে ফিওরেন্টিনাকে হারায়। নোভারা ও কাতানিয়ার খেলা ৩-৩ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। কোনো দলই গোল করতে পারেনি সেসেনা ও শিয়েভোর খেলায়। নিজেদের মাঠ জুভেন্টাস অ্যারেনায় খেলার একেবারে শেষ লগ্নে গোলের দেখা পায় স্বাগতিকরা। দুটো গোলই আসে ক্লদিও মাশিসিওর পা থেকে। প্রথম গোলটি দেন তিনি ৮৭ মিনিটে। দ্বিতীয়টি অতিরিক্ত সময়ে (৯০ ২)। ঘরের মাঠ স্তাদিও কমিউনাল ফ্রিউলিতে ২৯ মিনিটে উদিনেসকে এগিয়ে নেন মেহদি বেনাতিয়া। এন্টোনিও ডি নাতালে পেনাল্টি থেকে গোল করে দলকে নিয়ে যান বোলোনিয়ার নাগালের বাইরে। পার্মার মাঠ স্তাদিও ইন্নিও তারদিনিতে স্বাগতিকদের পক্ষে গোল তিনটি করেন সেবাস্টিয়ান জিওভিঙ্কো ২৯ মিনিটে, ৪২ মিনিটে পেনাল্টি থেকে আবার জিওভিঙ্কো ও স্তেফানো মোরোনে ৫০ মিনিটে। জেনোয়ার পক্ষে একটি গোল শোধ করেন রড্রিগো পালাসিও অতিরিক্ত (৯০ ২) সময়ে। পালের্মোর মাঠ স্তাদিও রেনজো বারবেরায় ১৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন গুইলিও মিগলিয়াসিও। পেনাল্টি থেকে গোল করে আবেল ম্যাথিয়াস হার্নান্দেজ ব্যবধান বাড়ান অতিরিক্ত (৯০ ৩) সময়ে। লিসের মাঠ স্তাদিও কমিউনাল ভিয়া দেল মারে থেকে জিতে বাড়ি ফেরে কালিয়ারি। দলের পক্ষে গোল দুটো করেন থিয়াগো রিবেরিও ১০ মিনিটে ও দাভিদ বিয়নদিনি ৪০ মিনিটে। স্তাদিও আর্টেমিও ফ্রান্সিতে খেলার ৮ মিনিটেই এগিয়ে যায় ফিওরেন্টিনা। ২৮ মিনিটে লাজিওকে খেলায় ফিরিয়ে আনেন হার্নানেস। জয় নিশ্চিত করেন মিরোস্লাভ ক্লোসা ৮৩ মিনিটে। নোভারার মাঠ স্তাদিও কমিউনাল সিলভিও পিওলায় রচিত হয় এগিয়ে যাওয়া ও ধরে ফেলার পালা। ১৪ মিনিটে নিকোলা লেগরোট্টাগ্লিয়ের গোলে এগিয়ে যায় অতিথি কাতানিয়া। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মার্কো রিগোনি ধরে ফেলেন অতিথিদের। ৫৬ মিনিটে আবারো এগিয়ে যায় কাতানিয়া। গোল করেন ফ্রান্সেসকো লোদি। ৬৬ মিনিটে তাকাইউকি মরিমতো ফের ধরে ফেলেন অতিথিদের। এবার কিন্তু এগিয়ে যায় স্বাগতিকরা। গোল করেন জেদা। কিন্তু কাতানিয়ার আলেজান্দ্রো গোমেজ দলটিকে ধরে ফেলেন অতিরিক্ত (৯০ ১) সময়ে। পাঁচ খেলায় ১১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে জুভেন্টাস। সমান খেলায় সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে পড়ায় উদিনেস আছে দ্বিতীয় স্থানে। পালের্মো আছে তৃতীয় স্থানে। দলটির পয়েন্ট ১০। কালিয়ারির পয়েন্ট ১০। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দলটি আছে পঞ্চমে। এছাড়া লাজিওর পয়েন্ট ৮ ও পার্মার ৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১৩ ঘ.