২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা শীর্ষে, হিগুয়েনের হ্যাট্রিকে রিয়ালের জয়

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, দুদলই জিতেছে স্পেনের লা লিগায়। রোববার স্পোর্টিং গিজনকে বার্সা ১-০ গোলে হারালেও রিয়াল ৪-০ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে এসপানিয়লকে। হ্যাট্রিক করেন গঞ্জালো হিগুয়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 04:36 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, দুদলই জিতেছে স্পেনের লা লিগায়। রোববার স্পোর্টিং গিজনকে বার্সা ১-০ গোলে হারালেও রিয়াল ৪-০ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে এসপানিয়লকে। হ্যাট্রিক করেন গঞ্জালো হিগুয়েন। এছাড়া লেভান্তে ১-০ গোলে রিয়াল বেটিসকে ও অ্যাথলেটিক বিলবাও ২-১ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারায়। আর আতলেটিকো মাদ্রিদ ও সেভিয়ার খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। খেলায় গোল করতে পারেনি কোনো দল। অতিথি হয়ে গিজনের মাঠ থেকে জিতে বাড়ি ফেরে বার্সা। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন আদ্রিয়ানো। খেলার ১২ মিনিটে ৩০ গজ দূর থেকে তীব্র শট নেন জাভি। বল ফিরে আসে গোলপোস্টে লেগে। সেই বল তিনি পাঠিয়ে দেন জায়গা মতো। এই জয়ের ফলে বার্সেলোনা ছয় খেলায় ১৪ পয়েন্ট নিয়ে উঠে গেলো তালিকার শীর্ষে। সমান খেলায় ১ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে নিচে রয়েছে গিজন। এদিকে প্রথম গোলটি করেন হিগুয়েন পাল্টা আক্রমণ থেকে। কাকা বল ধরে ঠেলে দেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। তিনি আবার বলটি বাড়িয়ে দেন হিগুয়েনের গতি-পথে। চলন্ত বলের ওপরই শট নেন হিগুয়েন। বল ঠিকানা খুঁজে পায় জালে। হিগুয়েনের দ্বিতীয় গোলটিও ছিল ঠিক একই রকম। তবে রোনালদোর বদলে এবার বল বাড়িয়ে দেন আলভারো আর্বেলোয়া। তিনি তার হ্যাট্রিক আদায় করে নেন ৮৯ মিনিটে। এর মাঝে ৮২ মিনিটে অপর গোলটি দেন কালেয়ন। ছয় খেলায় ১৩ পয়েন্ট নিয়ে তলিকার তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। সমান খেলায় এসপানিয়লের পয়েন্ট ৬। এস্তাদিও বেনিতো ভিলারমারিনে লেভান্তের পক্ষে জয়সূচক গোলটি করেন হুয়ান গোমেজ লোপেজ ৩৩ মিনিটে। এস্তাদিও মিউনিসিপ্যাল দ্য অ্যানোয়েতায় ফার্নান্দো লরেন্তের গোলে বিলবাও এগিয়ে যায় ৩৪ মিনিটে। ৬১ মিনিটে গোল শোধ করেন ইনিগো মার্টিনেজ। শেষ পর্যন্ত লরেন্তেই দলকে জয় এনে দেন ৭০ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০২১ ঘ.