ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে রোববার আবারো হেরেছে আর্সেনাল। এবার টটেনহ্যাম হটস্পারের কাছে ২-১ গোলে। কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৬-০ গোলে নাকাল করেছে ফুলহ্যামকে। সোয়নসি সিটি ২-০ গোলে জিতেছে স্টক সিটির বিপক্ষে।
লন্ডনের হোয়াইট হার্ট লেনে খেলার ৪০ মিনিটে রাফায়েল ভ্যান দার ভার্ট টটেনহ্যামকে এগিয়ে নেন। এটি ছিল দলটির ইতিহাসে দশ হাজারতম গোল।
ইমানুয়েল আদেবায়োরের উঁচু করে দেয়া বল বুক দিয়ে পায়ে নামিয়ে আনেন রাফায়েল। এরপর নেন প্রচণ্ড শট। কাছাকাছি দাঁড়ানো আর্সেনালের রক্ষণভাগের দুই খেলোয়াড় পারমারতেস্যাকার ও সাগনার ভেতর দিয়ে বল গিয়ে আশ্রয় নেয় জালের নিচের দিকে।
আরন রামসি আর্সেনালকে খেলায় ফিরিয়ে আনেন ৫১ মিনিটে ।
শেষ পর্যন্ত টটেনহ্যামকে জয় উপহার দেন কাইল ওয়াকার। তিনি গোল দেন ৭৩ মিনিটে। এটি ছিল ক্লাবের পক্ষে তার প্রথম গোল।
আর্সেন ওয়েঙ্গার আর্সেনালের কোচ হিসেবে ১৬ বছরে পা রাখেন শনিবার। কিন্তু এতটা খারাপ অবস্থায় আর কখনোই পড়েননি। লিগে সাত খেলার চারটিতেই হেরেছে তার দল। পয়েন্ট মাত্র সাত। আছে পয়েন্ট তালিকার নিচের দিকে। ৫৮ বছরের মধ্যে এতটা খারাপ শুরু আর কখনোই হয়নি আর্সেনালের।
এ অবস্থায় মেজাজ খারাপ হতেই পারে ওয়েঙ্গারের। টটেনহ্যাম কোচ ক্লাইভ অ্যালান অভিযোগ করেন, তার সঙ্গে নাকি হাত মেলাননি ওয়েঙ্গার। কিন্তু অভিযোগ অস্বীকার করে ওয়েঙ্গার বলেন, "আমি ক্লাইভ ও তার সহকারীর সঙ্গে ঠিকই হাত মিলিয়েছি।
ঘরের মাঠ লিবার্টি স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার পরপর (৯ মিনিট) পেনাল্টি থেকে গোল করেন সোয়ানসির স্কট সিনক্লেয়ার। ৮৫ মিনিটে জয় নিশ্চিত করেন ড্যানি গ্রাহাম।
লন্ডনের ক্রাভেন কটেজে ফুলহ্যামের পক্ষে হ্যাট্রিক করেন অ্যান্ডি জনসন। গোল তিনটি করেন তিনি ২, ৩৮ ও ৫৯ মিনিটে। এছাড়া ৬৫ মিনিটে ক্লিন্ট ডেম্পসি ও ৭৪ মিনিটে ববি জামোরা একটি করে গোল দেন। এর আগে পেনাল্টি থেকে গোল করেন ড্যানি মার্ফি ১৯ মিনিটে।
দিনের প্রথম খেলায় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের হ্যাট্রিকের সুবাদে চেলসি ৫-১ গোলে হারায় বোল্টন ওয়ান্ডারার্সকে।
ছয় খেলায় ১২ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে ছয় নম্বরে। আর ১৫ নম্বরে আছে আর্সেনাল। সমান খেলায় ১৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ম্যানচেস্টার সিটি আছে দ্বিতীয় স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০৯৪৫ ঘ.
bdnews24