ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি চাইলে পাতানো খেলার ফের তদন্ত হতে পারে বলে মনে করেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।
গোলরক্ষক ইরান শেখ শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে স্বীকার করেন, গত ১১ জুন অনুষ্ঠিত শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জের খেলাটি পাতানো হয়েছে।
শনিবার এ সম্পর্কে সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ম্যাচটি তদন্ত করে সীমিত কিছু তথ্য-উপাত্য পেয়েছিলাম। সেই তথ্যের ভিত্তিতেই তাদের শাস্তি দিয়েছিলাম। তবে এটা ঠিক আমরা কোনো ভুল সিদ্ধান্ত দেইনি।"
"এখন আবার শুনেছি গোলরক্ষ ইরান শেখ স্বীকার করেছেন তারা পাতানো ম্যাচ খেলেছেন। এখন প্রশ্ন, আগে কেন তিনি সত্য বলেননি। তাহলে আমাদের ব্যবস্থা নিতে একটু সুবিধা হতো, " যোগ করেন বাফুফের এই কর্মকর্তা।
মুর্শেদী আরো বলেন, "বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে বাফুফে সভপাতি চাইলে আবারো তদন্ত হতে পারে।"
বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন হলেও পাতানো খেলার দায়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। যদিও পেশাদার লিগ কমিটি বলছে পাতানো নয়, শেখ জামাল ও রহমতগঞ্জের খেলাটি ছিল 'সমঝোতার ম্যাচ'। রহমতগঞ্জকে জরিমানা করা হয় ৫ লাখ টাকা।
এছাড়া রহমতগঞ্জের গোলরক্ষক ইরান শেখ ও সালাউদ্দিন কালাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯৫৯ ঘ.
bdnews24