ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'রবার্তো মানচিনি ও কালোর্স তেভেজ বির্তক' নতুন করে উস্কে দিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। মানচিনি'র পক্ষে কথা বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এবার ফার্গুসনের বক্তব্যকে তামাশা বলে তেভেজের পক্ষ নিলেন আল ওয়াসলের বর্তমান কোচ মারাদোনা।
বিতর্ক মারাদোনার নিত্য সঙ্গী। সর্বশেষ ঘটনা ঘটিয়েছেন মাত্র কিছুদিন আগে। আল ওয়াসলের এক সমর্থকের হাতে লাথি মেরে পরে ক্ষমাও চেয়েছেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার সংবাদ মাধ্যমের আলোচনায় মারাদোনা। তবে এবার নতুন কোনো ঘটনার জন্ম দেননি বরং বিতর্কিত ঘটনায় মন্তব্য করেছেন।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামতে রাজি হননি তেভেজ, দাবি ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনির। যদিও সেই অভিযোগ তেভেজ অস্বীকার করেন। কিন্তু ম্যান সিটি কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয় এবং তেভেজকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে।
এই ঘটনায় ম্যান ইউ কোচ ফার্গুসন জানান, তিনি মানচিনির পাশেই আছেন।
আর ফার্গুসনের এই কথায় বেজায় চটেছেন মারাদোনা। ২০১০ বিশ্বকাপে তার নেতৃত্বে শেষ আটে উঠেছিল আর্জেন্টিনা। সে সময় মারাদোনার শিষ্য ছিলেন তেভেজ। 'আদরের তেভেজ' এর পাশে এসে তাই দাঁড়িয়েছেন তিনি। যথারীতি মুখ তার আগুনের গোলা। ফার্গুসনের বক্তব্যকে তামাশা তো বলেছেনই, পরোক্ষভাবে ম্যান ইউ কোচের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন মারাদোনা।
তিনি বলেন, "এই বিষয় নিয়ে ফার্গুসনের কথা বলাই উচিত হয়নি। তিনি বড় কোচ হয়েছেন তখনই, যখন তার দলে বড় মাপের খেলোয়াড় যোগ দিয়েছে। তার মুখে এই কথা মানায় না।"
এতটুকুতে থামলে তো ভালোই হতো। কিন্তু মারাদোনা কি সহজে থামার পাত্র? এর সঙ্গে যোগ করেন তিনি, "ফার্গুসন মানচিনি পক্ষে কথা বলছেন। মানচিনিকে আমি ভালোভাবেই চিনি। আর তেভেজ তো আগে থেকেই পরিচিত। যদি বিষয়টি নিয়ে ফার্গুসনের কোনো কিছু জানা না থাকে, তাহলে কথা না বলাই ভালো ছিল। এটা তামাশা ছাড়া আর কিছুই নয়।"
১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা। নিজের হাতকে 'ঈশ্বরের হাত' বলে দাবিও করেছিলেন সেই সময়। তারপর থেকে ইংল্যান্ডে খুবই নিন্দিত তিনি। ফার্গুসনকে নিয়ে এমন মন্তব্যে ম্যানচেস্টার তথা ইংল্যান্ড থেকে ধেঁয়ে আসা সমালোচনার ঝড় আবারো সামলাতে হবে তাকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৮৫২ ঘ.
bdnews24