ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন গলফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের গলফার গগনজিৎ বুলার।
তবে আগেরদিন ষষ্ঠ স্থানে থাকা স্বাগতিক বাংলাদেশের পেশাদার গলফার
সিদ্দিকুর রহমান শেষ পর্যন্ত লড়াই করে রানার আপ হয়েছেন। অল্পের জন্য তিনি গগনজিতের কাছে হেরে যান।
গত চারদিনে মাত্র দুই স্ট্রোক বেশি খেলে হেরে যান সিদ্দিকুর (২৭৬)। আর গগনজিৎ ২৭৪ স্ট্রোক খেলে হন চ্যাম্পিয়ন হন।
কুর্মিটোলা গলফ ক্লাবে প্রতিযোগিতার শেষ দিন শনিবার অসাধারণ দক্ষতা দেখিয়েছেন সিদ্দিকুর। তিনি ৬৬ স্ট্রোকে লক্ষ্যে পৌঁছান। আর চ্যাম্পিয়ন গগনজিৎ পৌঁছান ৭১ স্ট্রোকে।
শেষ দিনে এতো ভালো করেও জিততে না পারাটা সিদ্দিকুরের জন্য হতাশারই বটে। কারণ গতবার তিনিই এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন।
প্রথম দুই দিন ভালো করা অপেশাদার গলফার জাকিরুজ্জামান প্রতিযোগিতায় নবম হয়েছেন। আরেক অপেশাদার গলফার দুলাল হোসেন হয়েছেন ১৬ তম।
আর সাউথ এশিয়ান (এসএ) গেমেসে স্বর্ণ জেতা পেশাদার দুই গলফার শাখাওয়াত সোহেল ১৩তম এবং জামাল হোসেন মোল্লা ২৮তম হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৩৬ ঘ.
bdnews24