ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় রোববার মালোর্কাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেরি আ'তে ২-০ গোলে সেসেনার বিপক্ষে জিতেছে এসি মিলান। তবে উদিনেসের কাছে ৩-১ গোলে হার মেনেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান।
খেলার ৬১ মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোল করেন করিম বেনজেমা।
লা লিগার অন্যান্য খেলায় রিয়াল জারাগোজা ১-০ গোলে দেপোর্তিভো লা করুনাকে, এসপানিওল ৩-১ গোলে গেটাফেকে, আলমেরিয়া ৩-২ গোলে অসাসুনাকে, রিয়াল স্পোর্টিং ১-০ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে এবং ভিলারিয়াল ২-১ রিয়াল সোসিয়েদাদকে হারায়।
বার্সেলোনা ২০ খেলায় ৫৫ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। চার পয়েন্ট কম নিয়ে তাদের পরেই আছে রিয়াল মাদ্রিদ। ৪২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিলারিয়াল।
ইতালির সেরি আ' তে এসি মিলানের পক্ষে গোল করেছেন জলাতান ইব্রাহিমোভিচ খেলার শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে। অপরটি ছিল সেসেনার ম্যাক্সিমিলিয়ানো পেল্লিগ্রিনোর আত্মঘাতী গোল।
উদিনেসের কাছে ৩-১ গোলে হারের স্বাদ নিয়েছে লিওনার্দোর ইন্টার মিলান। কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম হার।
নাপোলি ২-০ গোলে বারিকে ও বোলোগনা ৩-১ গোলে হারিয়েছে লাৎসিওকে। ফিওরেন্টিনা ও লেচ্চের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। স্যাম্পদোরিয়া ও জুভেন্টাস এবং চিয়েভো ও জেনোয়ার খেলা গোলশূন্য ড্র হয়।
সেরি আ'তে ২১ খেলায় ৪৪ পয়েন্ট সব দলের উপরে রয়েছে এসি মিলান। ৪০ পয়েন্ট নিয়ে নাপোলি আছে দ্বিতীয় স্থানে। ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে এএস রোমা।
ইংলিশ প্রিমিয়ার লিগের এক মাত্র খেলায় ব্ল্যাকবার্ন রোভার্স ২-০ গোলে হারিয়েছে ওয়েস্ট বোমকে।
লিগে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার উপরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই পয়েন্ট কম নিয়ে আর্সেনাল রয়েছে দ্বিতীয় স্থানে। ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যান সিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৪৫ ঘ.
bdnews24