লস অ্যাঞ্জেলস, আগস্ট ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এখন তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ। কিন্তু বিশ্বের অন্যতম সেরা কোচ হোসে মরিনহোর ইচ্ছা, তিনি একসময় যুক্তরাষ্ট্র দলের কোচ হবেন।
প্রাক মৌসুম অনুশীলনের জন্য রিয়াল এখন যুক্তরাষ্ট্র সফর করছে। সেখানেই তার এই আগ্রহের কথা জানান তিনি।
মরিনহো বলেন, ''আমার সন্তানেরা যখন বড় হবে, তখন পেশাদার কোচ হিসেবে আমার ঠিকানা বদল হতেই পারে। কে জানে কোথায় গিয়ে আস্তানা গড়তে হয় আমাকে। তবে সেটা যুক্তরাষ্ট্র জাতীয় দল হলে মন্দ হবে না। দেশটাকে আমার দারুণ লাগে। আমি এখানে চেলসির সঙ্গে এসেছি। এসেছি ইন্টার মিলানের হয়েও। এবার এলাম রিয়াল মাদ্রিদের হয়ে।''
এখানেই শেষ না করে দুর্দান্ত এই কোচ বলেছেন, ''লস অ্যাঞ্জেলসকে আমি ভালবাসি। এখানে কাজ করতেও আমার ভালো লাগবে। হয়তো ভবিষ্যতে এখানেই কাজ করতে পারি।''
যুক্তরাষ্ট দলের বর্তমান কোচ হচ্ছেন বব ব্রাডলে। তার মেয়াদ আরো এক বছর রয়েছে। আর মরিনহো কেবলই যোগ দিয়েছেন রিয়ালে। কাজেই অদূর ভবিষ্যতে বড় কোন ঘটনা ঘটছে না। তবে মরিনহোর এই ইচ্ছার কথা জেনেছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/১৫৪০ ঘ.
bdnews24