ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের ঘরোয়া লিগে কোরিন্থিয়ান্সকে জয় উপহার দিয়ে বিদায় নিলেন কোচ মানো মেনেজেস। দু'দিন আগে ব্রাজিলের নতুন কোচের দায়িত্ব পান তিনি।
কোচের বিদায়ী খেলায় কোরিন্থিয়াস ৩-১ গোলে হারায় গুয়ারানিকে। দু'টি গোল করেন মাঝমাঠের খেলোয়াড় ব্রুনো সিজার। এ জয়ের ফলে ২৪ পয়েন্ট পেয়ে লীগের শীর্ষে উঠে গেল দলটি।
খেলা শেষে মেনেজেসকে অভিনন্দন জানায় কোরিন্থিয়ান্সের সমর্থকরা। পুরো মাঠে হেঁটে সম্মান জানান তারা মেনেজেসকে। খেলোয়াড়রাও তাকে জড়িয়ে ধরে আনন্দে মেতে ওঠে।
দু'একদিনের মধ্যেই মেনেজেস ব্রাজিল দল ঘোষণা করবেন।
আগামী ১০ আগস্ট নিউজার্সিতে যুক্তরাস্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে কার্লোস ডুঙ্গার উত্তরসুরির। এই খেলায় তিনি অবশ্য পাবেন কেবল দেশে অবস্থানরত খেলোয়াড়দের।
ইউরোপের ক্লাবগুলো ব্রাজিলের খেলোয়াড়দের এখন ছাড়বে না। কারণ কিছুদিন পরই শুরু হবে বিভিন্ন দেশের লিগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯৩৯ ঘ.
bdnews24