রোম, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেরি 'আ' তে সোমবার ইন্টার মিলান ২-০ গোলে লাজিওকে হারিয়ে আবারো শীর্ষে ফিরেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠ উড পার্কে ব্ল্যাকবার্ন রোভার্স ২-১ গোলে হারিয়েছে আর্সেনালকে। এছাড়া উইগ্যান অ্যাথলেটিক ও হাল সিটির খেলা ড্র হয়েছে ২-২ গোলে।
৮৩ পয়েন্ট নিয়ে সব দলের ওপরে আছে কার্লো আনচেলোত্তির চেলসি, ৩৭ খেলায়। সমান খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের ৮২ ও আর্সেনালের পয়েন্ট ৭২।
রোমের স্তাদিও অলিম্পিকোতে প্রথমার্ধের ৪৪ মিনিটে ইন্টার মিলানকে এগিয়ে নেন রক্ষণভাগের খেলোয়াড় ওয়াল্টার স্যামুয়েল।
খেলার শুরতে ইন্টারের মাইকনের নেয়া চমৎকার একটি শট আরো চমৎকারভাবে ঠেকিয়ে দেন লাজিওর গোলরক্ষক।
বিরতির পর ইন্টারের মাঝ-মাঠের খেলোয়াড় থিয়েগো মোত্তা মাথা দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন, ৭০ মিনিটে।
৩৬ খেলায় ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার। সমান খেলায় দুই পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এএস রোমা।
এদিকে স্পেনের লা লিগায় মালোর্কা ৩-১ গোলে জিতেছে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।
৯০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে পেপ গার্দিওলার বার্সেলোনা, ৩৫ ম্যাচে। সমান খেলায় কাতালানদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/০০৪১ ঘ.
bdnews24