২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব কাপ হকির ফাইনালে ঊষা

আবাহনীকে পেছনে ফেলে ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছে ঊষা ক্রীড়া চক্র। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে ঊষা ৫-২ গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 12:58 PM

Updated : 24 Aug 2022, 08:26 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাহনীকে পেছনে ফেলে ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছে ঊষা ক্রীড়া চক্র। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে ঊষা ৫-২ গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে। মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে থেকেও দারুণ জয় তুলে নিয়েছে ঊষা। জামিল বিন তালিব ও হাসান জুবায়ের নিলয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ভরাডুবি হয় এক ঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে গড়া আবাহনীর। খেলার ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে প্রথম গোল এনে দেন জামিল। দুই মিনিটের মধ্যেই ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন নিলয়। কিন্তু গোল খেয়েই যেন সংবিৎ ফিরে পায় মাকসুদ আলম হাবুলের নেতৃত্বাধীন দল। টুর্নামেন্টের সবগুলো খেলাতেই জয় পাওয়া ঊষা বিরতির আগেই সমতায় ফিরে আসে। ২০ মিনিটে অধিনায়ক হাবুল নিজেই ফিল্ড গোলে ঊষার পক্ষে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন। নয় মিনিট পর কৃষ্ণ কুমারের ফিল্ডগোলে আবাহনীকে ধরে ফেলে ঊষা (২-২)। দ্বিতীয়ার্ধে ঊষার কাছে পাত্তাই পায়নি আসাদুজ্জামান চন্দনের আবাহনী। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মোস্তাফিজুর রহমানের গোলে এবার এগিয়ে যায় হাবুলের দল। ৬৫ ও ৬৭ মিনিটে কৃষ্ণ কুমার ও হেদায়েতুল ইসলামের করা আরো দুটি ফিল্ড গোল বড় জয় এনে দেয় ঊষাকে। একই স্টেডিয়ামে আগামী সোমবার ফাইনালে মোহামেডান স্পোর্টিং খেলবে ঊষার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৮৪০ ঘ.