সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডনে প্রথম বাংলাদেশি ফুটবল-রেফারির মর্যাদা পেয়েছেন টাওয়ার হ্যামলেটসের ১৭ বছর বয়সী তাহমিনা বেগম। এজন্য তাকে বেরিয়ে আসতে হয় সব ধরনের প্রতিবন্ধকতা ও গৎবাঁধা নিয়ম ভেঙ্গে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরেও তিনি খেলা পরিচালনা করতে পারেন।
আক্ষরিক অর্থেই খেলার জন্য নিবেদিত-প্রাণ মেয়ে তাহমিনা। সব ধরণের খেলাই তিনি উপভোগ করেন। বাস্কেটবলের কোচেরও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। পেয়েছেন কমিউনিটি স্পোর্টস লিডারস অ্যাওয়ার্ড (সিএসএলএ)। এর পুরস্কার হিসেবে চাকরি দেয়া হয়েছে তাকে একটি প্রাথমিক বিদ্যালয়ের পিই সহকারী হিসেবে। খুবই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত তাহমিনা টাওয়ার হ্যামলেটসের তরুণ ডেপুটি মেয়রদেরও একজন।
বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন (বিএফএ) আয়োজিত রেফারির কোর্সও করেছেন তাহমিনা। মোট ১২ জন এই কোর্স করেন। তাদের মধ্যে একমাত্র মেয়ে ছিলেন তাহমিনাই। এই কোর্স করার জন্য বাবা-মাকে অনেক বোঝাতেও হয়েছে তাকে।
তাহমিনা বলেন, "যোগ্য রেফারি হওয়ার জন্যই আমি কোর্সটি করতে চেয়েছি। আমার মধ্যে অবশ্য কিছুটা অনিচ্ছা ছিল। কেননা বাকি ১১ জনের সবাই ছিল পুরুষ। বয়সেও আমার চেয়ে বড়। কিন্তু আমি সব বাধা ভেঙ্গে দিতে চেয়েছি, যাতে অন্য মেয়েরা আমাকে অনুসরণ করে বিএফএ'র এই কোর্স করে লাভবান হয়।"
বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের প্রকল্প পরিচালক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুব কম মেয়ে বা খেলোয়াড়রা রেফারি হতে চান। কেননা কাজটা খুবই কঠিন। কোনো কোনো সময় অপমানকর পরিস্থিতিতেও পড়তে হয়।" তাহমিনাকে খুবই সাহসী হিসেবে অভিহিত করে তিনি বলেন, তিনি খেলাধুলায় খুবই আগ্রহী। তাহমিনার সামনে উজ্জ্বল ভবিষ্যত রয়েছে বলে কামরুল ইসলাম মনে করেন।
তিনি বলেন, "বিএফএ-এর কাজ মাঠ পর্যায়ে ফুটবলের উন্নয়ন করা। আর এর একটি উপায় রেফারির এই কোর্সটি। তবে বাড়তি হিসেবে এবার আমরা প্রথমবারের মতো একজন বাংলাদেশি মেয়ে রেফারি পেয়েছি। তিনি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।"
বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের নিজস্ব দল 'বেঙ্গল স্পোটিং' ৩১ মার্চ বাংলাদেশে আসছে। দলে থাকবেন ২০ সদস্য। দশ দিনের সফরে তারা ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেটে খেলবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/কিউএইচ/টিআর/১৯৫০ ঘ.
bdnews24