লন্ডন, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচের পালা। বিভিন্ন দল পরখ করে দেখছে নিজেদের শক্তি, সামর্থ্য ও কৌশল। এরই অংশ হিসেবে মঙ্গলবার মাঠে নামে ব্রাজিল, প্রীতি ম্যাচ খেলে আয়ারল্যান্ডের বিপক্ষে। জয়ও পায়, ২-০ গোলে।
আর্সেনালের মাঠ অ্যামিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমার্ধের ৪৪ মিনিটে গোল হওয়ার আগে উভয় পক্ষের মধ্যে লড়াই চলে সমানে-সমান। খেলা এগিয়ে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে। ব্রাজিলের কপাল ভালো, নিজেদের গোলে নয়, আয়ারল্যান্ডের মাঝ মাঠের খেলোয়াড় কিথ অ্যানড্রিউসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে আয়ারল্যান্ড। কিন্তু সেই কাঙ্খিত গোলের দেখা আয়ারল্যান্ড নয়, পায় ব্রাজিল। ৭৬ মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় রবিনহোর গোলে ২-১ এ এগিয়ে যায় কার্লোস ডুঙ্গার দল।
এরপরও লড়ে যায় আয়ারল্যান্ড সমান তালে। কিন্তু ব্রাজিলের রক্ষণভাগ দেয়ালের মতো দাঁড়িয়ে যায় তাদের সামনে। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।
এই মাঠে ব্রাজিল বিভিন্ন দেশের মুখোমুখি হয়েছে পাঁচবার। এর মধ্যে পর্তুগালের কাছে হেরেছে একবার। জিতেছে বাকি চারটিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯৪১ ঘ.
bdnews24