ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনও ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। ১০০ মিটার হার্ডলসে সুমিতা রানীর রুপার পদকটিই স্বাগতিকদের সর্বোচ্চ সাফল্য। এ ইভেন্টে স্বর্ণ আশা করেছিলো বাংলাদেশ। সম্ভাবনাও জাগিয়েছিলেন সুমিতা। কিন্তু ফটো-ফিনিশিংয়ে দ্বিতীয় হন তিনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোট আটটি ইভেন্ট ছিল অ্যাথলেটিক্সের। এর মধ্যে ভারত এবং শ্রীলঙ্কা তিনটি করে এবং পাকিস্তান দু'টি সোনা জিতেছে।
পুরুষদের ১১০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন পাকিস্তানের মহসিন আলী। তিনি সময় নেন ১৪.৫৬ সেকেন্ড। দ্বিতীয় ও তৃতীয় হন ভারতের ছেলেরা। ১৪.৭৬ সেকেন্ড সময় নিয়ে সন্দীপ ধারমা রুপা এবং ১৪.৮৮ সেকেন্ড সময় নিয়ে মুথুওয়ামী ব্রোঞ্জ জেতেন।
মেয়েদের ১০০ মিটার হার্ডলসে ১৩.৯৮ সেকেন্ড সময় নিয়ে ভারতের গায়ত্রী গোবিন্দ রাজ প্রথম হন। বাংলাদেশের সুমিতা রানী দশমিক ০১ সেকেন্ড সময় বেশি নিয়ে দ্বিতীয় এবং ১৪.০৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন স্বাগতিক দলের জেসমিন আক্তার।
ট্রিপল জাম্পে ১৬.০৫ মিটার লাফিয়ে সোনা ঘরে তুলেছেন পাকিস্তানের জাফর ইকবাল। ১৫.২৭ মিটার লাফিয়ে রুপা পেয়েছেন ভারতের সৌরভ। ১৫.১৯ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পেয়েছেন শ্রীলঙ্কার আপুহামি।
বর্ষা নিক্ষেপে সোনা পেয়েছেন ভারতের কাশিনাথ নায়েকে। তিনি ৭২.২৭ মিটার দূরে বর্ষা পাঠিয়েছেন। ৭৩.৩৮ মিটার দূরে বর্ষা নিক্ষেপ করে রুপা পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ ইমরান। ব্রোঞ্জ জয়ী ভারতের সমর জিত সিং বর্ষা পাঠান ৭১.৬৫ মিটার দূরে।
পুরুষদের ১০০ মিটার রিলেতে শ্রীলঙ্কা সোনা, ভারত রুপা ও মালদ্বীপ ব্রোঞ্জ পদক জিতেছে।
মেয়েদের ১০০ মিটার রিলেতেও শ্রীলঙ্কা সোনা, বাংলাদেশ রুপা ও পাকিস্তান ব্রোঞ্জ জিতেছে।
মেয়েদের ৪০০ মিটার ইভেন্টে সোনা জিতেছেন শ্রীলঙ্কার মুদিয়ানসেলাগে। রুপা ও ব্রোঞ্জ পেয়েছে ভারত।
একই ইভেন্টের পুরুষ বিভাগে ভারতের বিবিন ম্যাথিউ সোনা, আমারাসেকারালাগে ডন রুপা ও ভারতের সাকে মোর্তজা ব্রোঞ্জ পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৩২ ঘ.
bdnews24