কক্সবাজার, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ মেয়েদের ফুটবলে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে নেপাল। মঙ্গলবার তারা ১৩-০ গোলে হারায় আফগানিস্তানকে।
দিনের অন্য খেলায় পাকিস্তান ২-১ গোলে জিতেছে মালদ্বীপের বিপক্ষে। পরপর দুই খেলায় হেরে বিদায় নিশ্চিত হয়ে গেল মালদ্বীপের।
কক্সবাজারে নিজেদের প্রথম খেলায় শুরুতে পিছিয়ে পড়ে পাকিস্তান। খেলার ৮ মিনিটে মালদ্বীপের আয়েশা ফজলি গোল করে দলকে এগিয়ে নেন।
গোল শোধের জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকেন পাকিস্তানের মেয়েরা। ৪২ মিনিটে ফল পায় তারা। মে উইস খান গোল করে সমতা ফেরান খেলায়।
দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৮৪ মিনিটে গোল দিয়ে দলের জয় নিশ্চিত করেন পাকিস্তানের মালেকা নূর।
বিকালে খেলার শুরু থেকেই নেপাল চেপে ধরে আফগানিস্তানকে। খেলার ৫ মিনিটে প্রথম গোল করেন নেপালের অনু লামা। এরপর শুরু হয় গোল উৎসব। প্রথমার্ধেই ৭ গোল দেন তারা।
অনু প্রতিযোগিতায় তার দ্বিতীয় হ্যাট্রিক করেন। প্রথমার্ধেই ৪ গোল করেন তিনি। এছাড়া দীপা অধিকারী, যমুনা গুরং ও প্রমীলা ১টি করে গোল দেন।
দ্বিতীয়ার্ধে আবার শুরু হয় গোল-বন্যা। শুরু করেন যমুনা। ৩টি গোল দেন তিনি। এছাড়া সজনারা, রশ্নি ও বাজাও আতি ১টি করে গোল করেন। এটি যমুনার প্রথম হ্যাট্রিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/টিআর/১৯২০ ঘ.
bdnews24