২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেতাফে ও আতলেটিকোর জয়, হেরেছে সেভিয়া

স্পেনের লা লিগায় হুয়ান অ্যাঞ্জেল আলবিনের শেষ মুহূর্তের গোলে শনিবার গেতাফে ১-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। যদিও ৯ জনের দলে পরিণত হয়েছিল গেতাফে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় হুয়ান অ্যাঞ্জেল আলবিনের শেষ মুহূর্তের গোলে শনিবার গেতাফে ১-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। যদিও ৯ জনের দলে পরিণত হয়েছিল গেতাফে। দিনের অন্য দু'টি খেলায় আতলেটিকো মাদ্রিদ ২-০ গোলে জিতেছে দেপের্তিভো লা করুনার বিপক্ষে এবং আলমেরিয়ার কাছে ৩-১ গোলে হার মেনেছে সেভিয়া। খেলার ৯০ মিনিটে হাভিয়ের ক্যাসকুয়েরো মাথা দিয়ে বল ঠেলে দেন ভিয়ারিয়ালের বক্সের মধ্যে। সেই বল ধরে বাঁ-পায়ে প্রচণ্ড শট নেন আলবিন। বলটি ধরার কোনো সুযোগই পাননি ভিয়ারিয়ালের গোলরক্ষক দিয়েগো লোপেজ। গোল করে আলবিন এতই উল্লাসে মেতে ওঠেন যে শেষ পর্যন্ত দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এর আগে ৪১ মিনিটে নিলমারের বিরুদ্ধে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাতা দিয়াজ। ফলে তখন থেকে দশজনকে নিয়ে খেলতে হয় গেতাফেকে। খেলায় বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল ভিয়ারিয়াল। কিন্তু কাজে লাগাতে পারেনি একটাও। ভিয়ারিয়াল ১৫ খেলায় ৩০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। আর ২৩ পয়েন্ট করে নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে হোসে মিগুয়েল গঞ্জালেসের গেতাফে ও আতলেটিকো। অন্য খেলায় ৪৮ মিনিটে ফ্যাবিয়ান ভার্গাস মাথা দিয়ে বল পাঠিয়ে দেন সেভিয়ার জালে। ৮১ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান আলমেরিয়ার পাবলো পিয়াত্তি। খেলার ৮৩ মিনিটে সেভিয়ার ফ্রেডরিক কানু একটি গোল শোধ করেন। কিন্তু অতিরিক্ত সময়ে (৯০ ) আরেকটি গোল দিয়ে আলমেরিয়ার জয় নিশ্চিত করেন সেই পিয়াত্তি। খেলায় জিতলেও রেলিগেশনের শঙ্কায় রয়েছে আলমেরিয়া। দলটির পয়েন্ট ১৩। আর ২০ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে সেভিয়া। আরেকটি খেলায় কুন অগুয়েরোর গোলে ৮ মিনিটেই এগিয়ে যায় আতলেটিকো। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান সেই অগুয়েরোই। এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি। বার্সেলোনা ৩৭ পয়েন্ট নিয়ে আছে সব দলের উপরে। ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অ্যাসপানিয়ল রয়েছে চতুর্থ স্থানে। দলটির পয়েন্ট ২৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৯২১ ঘ.