ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপানের রক্ষণভাগের অন্যতম সেরা খেলোয়াড় ইউজি নাকাজাওয়া চোট কাটিয়ে দলে ফিরছেন। ফলে এশিয়া কাপের জন্য নিজেদের দল নিয়ে আপাতত নিশ্চিন্ত জাপান।
এই প্রতিযোগিতা কাতারে শুরু হবে ৭ জানুয়ারি। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।
জাপানের ঘরোয়া লিগে খেলার সময় ৩২ বছর বয়সী এই খেলোয়াড় হাঁটুতে চোট পান।
জাপানের একটি ক্রীড়া-পত্রিকাকে নাকাজাওয়া বলেন, "এখন আমার দৌড়াতে কোনো অসুবিধা হচ্ছে না।" খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত বলেও জানান।
জাপানের কোচ আলবার্তো জাকেরোনি আশঙ্কা করেছিলেন, নাকাজাওয়াকে ছাড়াই তার দলকে হয়তো খেলতে যেতে হবে এশিয়া কাপে।
তবে চোটের কারণে খেলতে পারবেন না জাপানের রক্ষণভাগের আরেক খেলোয়াড় মার্কাস তুলিও তানাকা।
জাপান ২০০৭ সালের এশিয়া কাপে চতুর্থ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১০৭ ঘ.
bdnews24