২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে রিয়াল

বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদ আবারো মাঠে নামছে শনিবার। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 12:28 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদ আবারো মাঠে নামছে শনিবার। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। এ খেলাতেও কোচ হোসে মরিনহোর দলকে কঠিন পরীক্ষা দিতে হতে পারে। কেননা বার্সার কাছে ৫-০ গোলে হারার পর দলের ভেতরের খবর ভালো নয়। চ্যাম্পিয়ন্স লিগের এক খেলায় মরিনহোর পরামর্শে ইচ্ছা করে রিয়ালের একাধিক খেলোয়াড় সময় নষ্ট করেন। ফলে মরিনহোকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়। এছাড়া জরিমানাও করা হয় মরিহোর, সঙ্গে চার খেলোয়াড়েরও। এর প্রভাব পড়তেই পারে খেলায়। এছাড়া গোঁড়ালির চোটে ভুগছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই মাঠে নাও নামতে পারেন তিনি। চোটের কারণে বার্সার বিপক্ষে খেলতে পারেননি আক্রমণভাগের খেলোয়াড় গঞ্জালো হিগুয়েইন। ভ্যালেন্সিয়ার বিপক্ষেও খেলতে পারছেন না তিনি। সম্ভবত অস্ত্রোপচার করা হতে পারে তার। সেক্ষেত্রে দু'মাস দর্শক হয়ে থাকতে হবে তাকে। দলের রক্ষণভাগের খেলোয়াড় সার্জিও র‌্যামোস মেনে নিয়েছেন, বার্সার কাছে এভাবে হারায় তাদের গর্ব খর্ব হয়েছে। তারপরও জোর দিয়ে তিনি বলেন, "কোনো কিছুই এখনো শেষ হয়ে যায়নি। আমরা ফের জয়ের ধারায় ফেরার লড়াই চালিয়ে যাব।" ভ্যালেন্সিয়া ২৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার পঞ্চম স্থানে। আর ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। দিনের অন্য খেলায় বার্সেলোনা খেলবে ওসাসুনার বিপক্ষে। ১৩ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৭৫২ ঘ.