২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও ভারতের হার

চীনের গুয়াংজুতে এশিয়ান গেমস ফুটবলের প্রথম খেলাতেই রোববার উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 01:12 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চীনের গুয়াংজুতে এশিয়ান গেমস ফুটবলের প্রথম খেলাতেই রোববার উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। দিনের আরেক খেলায় কুয়েত ২-০ গোলে জেতে ভারতের বিপক্ষে। দেশ ছাড়ার আগেই আহত ছিলেন বাংলাদেশ দলের জাহিদ, মিশু ও ওয়ালী ফয়সাল। চীনে পৌঁছার পর জ্বর হয় অধিনায়ক আমিনুলের। তাই কোচ রবার্ট রুবচিচকে খর্ব শক্তির দলকে মাঠে নামাতে হয়। রক্ষণভাগের খেলোয়াড়দের ভুলে উজবেকিস্তানের তুরায়েভ প্রথম গোল করেন। খেলার ৪২ মিনিটে ব্যবধান বাড়ান আহমেদভ। ৮১ মিনিটে ইসলামের ফিরতি শট জড়িয়ে যায় বাংলাদেশের জালে। এর আগে ৭৫ মিনিটে গোলরক্ষক হিমেল কাঁধে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামতে হয় আমিনুলকে। ফিফা র‌্যাংকিংয়ে ৯৬ নম্বর দেশ উজবেকিস্তান ১৫০ নম্বর দেশ বাংলাদেশের বিপক্ষে সহজেই জয় পায়। এ নিয়ে উজবেকিস্তানের বিপক্ষে চারটি খেলাতেই হারল বাংলাদেশ। গোল খেয়েছে মোট ১৮টি। খেলা শেষে বাংলাদেশ কোচ বলেন, "আসলে সবদিক দিয়েই উজবেকিস্তান অনেকটা এগিয়ে। তারওপর আমাদের ফুটবলাররা বেশ কয়েকটি ভুল করেছেন। এছাড়া তারা কিছুটা ক্লান্তও ছিল।" দলের সহকারী ম্যানেজার সাইফুল বারী টিটু বলেন, পরের খেলায় দলে পরিবর্তন আনা হবে। গ্র"প পর্যায়ে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আর শেষ খেলায় মোকাবিলা করবে হংকংকে। খেলাটি হবে ১১ নভেম্বর। এদিকে দুই অর্ধে আল রশিদি ও খালেদ মাতারের গোলে কুয়েত হারায় ভারতকে (প্রতিযোগিতায় ভারত অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েছে)। রক্ষণাত্মক কৌশলে খেলেও কুয়েতকে ঠেকাতে পারেনি ভারতের খেলোয়াড়রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/এটি/এনআই/১৮৫৯ ঘ