ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুক্রবার গ্র"প পর্বের শেষ খেলায় দলটি ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।
শেখ জামালের পক্ষে গোল দু'টি করেন সবুজ ও জাহিদ। রহমতগঞ্জের পক্ষে একমাত্র গোলটি দেন পাশবন।
রহমতগঞ্জকে হারাতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে শেখ জামালকে। শুরুতে দুই গোল দিলেও পরে খেই হারিয়ে ফেলে দলটি।
খেলার ৩৪ মিনিটে সবুজের গোলে এগিয়ে যায় শেখ জামাল। জাহিদের কাছ থেকে বল পেয়ে রহমতগঞ্জের জালে পাঠাতে কোনো অসুবিধা হয়নি তার।
খেলার ৫৫ মিনিটে জাহিদ হোসেন ব্যবধান বাড়ান। বাঁ-প্রান্ত থেকে শাকিলের কাছ থেকে উড়ন্ত বল পেয়ে মাথা দিয়ে বল জড়িয়ে দেন জালে।
এরপরই কিছুটা হলেও এলোমেলো হয়ে পড়ে শেখ জামাল। সেই সুযোগে এক গোল শোধ করে রহমতগঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯৪০ ঘ.
bdnews24